শুক্রবার , ২০ জুন ২০২৫, ৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, সকাল ৯:০৯
আজকের সর্বশেষ সবখবর

২৬ ঘণ্টা পর জাকারিয়ার লাশ হস্তান্তর করলো বিএসএফ

কোম্পানীগঞ্জ প্রতিনিধি
জুন ২০, ২০২৫ ৬:৪৫ অপরাহ্ণ
Link Copied!

ভারতে ঝুলন্ত থাকার ২৬ ঘণ্টা পরে সিলেটের জাকারিয়া আহমদের (২৩) লাশ হস্তান্তর করেছে ভারতীয় বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)। শুক্রবার দুপুর ১ টার দিকে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার উৎমা সীমান্ত এলাকা দিয়ে হস্তান্তর করা হয়।

নিহত জাকারিয়া আহমদ (২৩) উপজেলার উৎমা সীমান্ত এলাকার লামাগ্রামের আলাউদ্দিন আলাইয়ের ছেলে। গত সোমবার তিনি বিবাহ করেছিলেন।

বিষয়টি নিশ্চিত করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি-৪৮) সিলেট ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হক। তিনি জানান, “বিজিবি, বিএসএফ ও দুই দেশের পুলিশের উপস্থিতে লাশটি হস্তান্তর করা হয়েছে। লাশ এখন পুলিশের হেফাজতে রয়েছে। পরবর্তী আইনি প্রক্রিয়া শেষে পুলিশ পরিবারের কাছে লাশ হস্তান্তর করবে। উল্লেখ্য, ঘটনাস্থল থেকে ভারতের পিনারসালা থানা দূরবর্তী এবং ঘটনাস্থলটি দূর্গম এলাকায় অবস্থিত হওয়ায় মৃতদেহটি হস্তান্তর করতে বিলম্ব হয় বলে বিএসএফ কর্তৃক জানায়। এলাকাবাসীর বরাত দিয়ে তিনি জানান, সে বেশ কিছুদিন ধরে মানসিকভাবে একটু চিন্তিত ছিল। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে এটি আত্মহত্যা। ময়নাতদন্ত শেষে আসল কারণ জানা যাবে।

জাকারিয়ার পরিবারের সঙ্গে কথা বলে জানা গেছে, গত সোমবার জাকারিয়া বিয়ে করেন। বৃহস্পতিবার ভোরে প্রস্রাব করার কথা বলে ঘর থেকে বের হন। এর পর থেকে তাঁকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। বেলা ১১টার দিকে ভারতের অভ্যন্তরে জাকারিয়ার লাশ একটি গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখা যায়। তাঁর লাশ সীমান্ত এলাকার সীমান্ত পিলার ১২৫৮/২০-এস থেকে আনুমানিক ৫০ গজ ভারতের অভ্যন্তরে ছিল।

পরে স্থানীয় লোকজন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও থানায় খবর দেন। পরে আইনী প্রক্রিয়া শেষে শুক্রবার দুপুর একটার দিকে সীমান্ত পিলার ১২৫৭/১-এস এর নিকট বিজিবি-বিএসএফ এর উপস্থিতিতে পতাকা বৈঠকের মাধ্যমে ভারতীয় পুলিশ বাংলাদেশী পুলিশের নিকট জাকারিয়া আহমদের মৃতদেহটি হস্তান্তর করে। পরবর্তীতে পুলিশ মৃতদেহটি ময়নাতদন্তের জন্য থানায় নিয়ে যায়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।