শনিবার , ১০ মে ২০২৫, ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ১২:৫৬
আজকের সর্বশেষ সবখবর

সিলেট থেকে ৪১৯ জন যাত্রী নিয়ে সরাসরি হজ ফ্লাইট শুরু বুধবার

স্টাফ রিপোর্টার
মে ১০, ২০২৫ ৮:৫০ অপরাহ্ণ
Link Copied!

সিলেট থেকে সরাসরি হজ ফ্লাইট শুরু হবে আগামী বুধবার (১৪ মে) থেকে। ওইদিন বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইট ৪১৯ জন যাত্রী নিয়ে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি আরবের মদিনার উদ্দেশে উড়াল দেবে।

বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ বিমানের সিলেট জেলা ব্যবস্থাপক মো. শাহনেওয়াজ মজুমদার।

বিমান বাংলাদেশ জানায়, এবছর সিলেট থেকে ৫ টি ফ্লাইট সরাসরি সৌদি আরবের উদ্দেশ্য উড়াল দেবে। আগামী ১৪ই মে সিলেট থেকে ৪১৯ জন যাত্রী নিয়ে সরাসরি মদীনার উদ্দেশ্য প্রথম ফ্লাইট যাবে। আর বাকি চারটি ফ্লাইট ২৩, ২৫, ২৬ ও ২৯ মে সিলেট-জেদ্দা রুটে পরিচালিত হবে। এবছর সিলেট থেকে সরাসরি ২ হাজার ৯৫ জন হজযাত্রী যাবেন। আর ঢাকা থেকে ৪০০ জন যাবেন।

জেলা ব্যবস্থাপক মো. শাহনেওয়াজ মজুমদার জানান, সিলেটের হজযাত্রীদের সুবিধার কথা চিন্তা করে এ বছর পাঁচটি ফ্লাইট সরাসরি সিলেট থেকে পরিচালনার সিদ্ধান্ত হয়েছে। এর মধ্যে প্রথম ফ্লাইট যাবে সরাসরি মদিনায়। আর বাকিগুলো সিলেট থেকে সরাসরি জেদ্দায় যাবে। রোড টু মক্কা কর্মসূচির অধীনে হজ্জ যাত্রীদের জন্য দুই দেশের ইমিগ্রেশন ঢাকায় সম্পন্নের সুযোগ থাকলেও সিলেট থেকে পরিচালিত ফ্লাইটের যাত্রীদের সৌদি ইমিগ্রেশন সংশ্লিষ্ট বিমানবন্দরে করা হবে।

অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশের (আটাব) সিলেট জোনের সভাপতি মোহাম্মদ জিয়াউর রহমান খান রেজওয়ান জানান, হজ ফ্লাইটের জন্য সকল প্রস্তুতি সম্পন্ন। এবছর কোনো সমস্যা হয়নি। আমরা প্রয়োজনমতো টিকেট ও সবকিছু পেয়েছি। ১৪ মে প্রথম ফ্লাইট শুরু হবে সিলেট থেকে আর এরপরে আরো ৪ টি ফ্লাইট যাবে। আর অনেকে ঢাকা থেকেও যাবেন। এবছর সিলেটের প্রায় ১৫ টি এজেন্সী হজযাত্রীদের নিবন্ধনসহ যাবতীয় কার্যক্রম সম্পন্ন করেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।