সিলেটে ৮৩ লাখ টাকার চোরাচালানী মালামাল আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ শুক্রবার (১৫ নভেম্বর) দুপুরে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান প্রেরিত প্রেস বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।
বিজিবি জানায়, বৃহস্পতিবার ও শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ও সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে ভারতীয় নিভিয়া ক্রিম, অলিভ অয়েল, সাবান, কম্বল, সার, রসুন, বিড়ি, প্রাইভেটকার, মোটরসাইকেল, ট্রলি গাড়ী, মদ, ফেন্সিডিল এবং অবৈধভাবে পাথর উত্তোলনকারী নৌকাসহ অন্যান্য ভারতীয় পণ্য আটক করে। যার আনুমানিক বাজার মূল্য- ৮৩ লাখ ৮১ হাজার ৭৫০ টাকা।
সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান বলেন, সিলেট ও সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে চোরাচালানী মালামাল জব্দ করা হয়। আটককৃত চোরাচালানী মালামাল সমূহের বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
