সিলেটে ৩০৮ বস্তা ভারতীয় চিনি সহ একটি ট্রাক আটক করেছে পুলিশ। বুধবার সিলেট মহানগর পুলিশের শাহপরান (র.) থানাধীন সুরমা গেইট থেকে এগুলো আটক করা হয়।
বৃহস্পতিবার গণমাধ্যমে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম।
পুলিশ জানায়, বুধবার রাতে সিলেট নগরের শাহপরান (র.) থানার সুরমা গেইটে সিলেট শহরের দিকে আসা একটি ট্রাককে সিগন্যাল দিলে ট্রাকটি ফেলে চালক ও আরো দুজন দৌঁড়ে পালিয়ে যায়। এসময় ট্রাকটি তল্লাশী করে সেখানে নীল ত্রিপল দ্বারা মোড়ানো ৩০৮ বস্তা ভারতীয় চিনি উদ্ধার করা হয়। যার প্রতিটি বস্তার ওজন ৪৯ কেজি করে মোট ১৫ হাজার ৯২ কেজি। যেগুলোর আনুমানিক বাজারমূল্য ১৮ লাখ ১১ হাজার ৪০ টাকা।
মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, উদ্ধারকৃত মালামাল জব্দ করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
