সিলেটে ২৫ লিটার দেশীয় চোলাইমদ সহ ২ নারীকে আটক করেছে পুলিশ। বুধবার তাদেরকে আটক করা হয়। বৃহস্পতিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম।
আটককৃতরা হলেন- সিলেটের লাক্কাতুরা চা-বাগানের মৃত গোপাল দাশের স্ত্রী গীতা রানী বিশ্বাস (৩৫) ও মৃত শ্রীধর দাশের স্ত্রী সারো দাস (৩৮)।
পুলিশ জানায়, বুধবার সকাল সিলেট মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ এয়ারপোর্ট থানাধীন লাক্কাতুরা চা-বাগানস্থ সিলেট-কোম্পানীগঞ্জ বাইপাস রোড সংলগ্ন দিলু স্টোর নামক দোকানের সামনের ফাঁকা জায়গায় এক অভিযান পরিচালনা করে দুই নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে। মাদক বিক্রির উদ্দেশ্যে আসা তাদের সাথে থাকা অজ্ঞাতনামা ২/৩ জন পালিয়ে যায়। অভিযানে তাদের কাছ থেকে মোট ২৫ লিটার দেশীয় চোলাইমদ উদ্ধার করা হয়। যার ১৫ লিটার চোলাইমদ গীতা রানী বিশ্বাসের এবং যেগুলোর আনুমানিক বাজারমূল্য ৪ হাজার ৫০০ টাকা। আর সারো দাসের কাছে ১০ লিটার চোলাইমদ, যার আনুমানিক মূল্য ৩ হাজার টাকা।
মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, উক্ত ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
