সিলেটে ২৪৫ বস্তা ভারতীয় চিনিসহ ১ জনকে আটক করেছে পুলিশ। রোববার এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম।
আটককৃত ট্রাকচালক আব্দুল আমিন কালা (৪০) সিলেটের গোয়াইনঘাট উপজেলার হাটগ্রামের মৃত আব্দুর রবের ছেলে।
পুলিশ জানায়, শনিবার রাতে সিলেটের শাহপরাণ (রহ.) থানাধীন সুরমা বাইপাস পয়েন্ট দিয়ে সিলেটের সীমান্তবর্তী এলাকা থেকে তামাবিল রোড হয়ে ভারতীয় চিনি বহনকারী একটি হাইড্রোলিক ড্রাম ট্রাক সিলেট শহরের দিকে আসার খবর পায় পুলিশ। পরে সেখানে চেকপোস্ট স্থাপন করে শহরের দিকে আসা ওই হাইড্রোলিক ড্রাম ট্রাককে থামানোর জন্য সংকেত দিলে ট্রাকটি থামে। সেখানে তল্লাশী করে ট্রাকের ভেতরে নীল ত্রিপল দিয়ে মোড়ানো ২৪৫ বস্তা ভারতীয় চিনি উদ্ধার করা হয়। যার প্রতি বস্তায় ৪৯ কেজি করে মোট চিনি ১২ হাজার ৫ কেজি চিনি। যেগুলোর আনুমানিক বাজারমূল্য ১৪ লাখ ৪০ হাজার ৬০০ টাকা। এসময় ওই ট্রাক আটক করা হয় এবং উদ্ধারকৃত মালামালের কোনো বৈধ কাগজপত্র দেখাতে না পারায় ট্রাকচালক আব্দুল আমিন কালাকে আটক করে পুলিশ।
মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, উদ্ধারকৃত মালামাল বিধি মোতাবেক জব্দ করা হয়েছে। আর আটককৃত ট্রাক চালককে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
