রবিবার , ১৭ মে ২০২৬, ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১:২৮
আজকের সর্বশেষ সবখবর

সিলেটে ১৯ মে’র পরিবহন ধর্মঘট ৬ জুন পর্যন্ত স্থগিত

নিজস্ব প্রতিবেদক ::
মে ১৭, ২০২৬ ১১:৪৬ অপরাহ্ণ
Link Copied!

সিলেট বিভাগে আগামী ১৯ মে থেকে আহুত অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট আগামী ৬ জুন পর্যন্ত স্থগিত করা হয়েছে। রোববার (১৭ মে) সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) কমিশনারের সাথে পরিবহন শ্রমিক নেতৃবৃন্দের এক সফল মতবিনিময় সভা শেষে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

রোববার সন্ধ্যায় দক্ষিণ সুরমার বাবনা পয়েন্টে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন সিলেট বিভাগীয় কমিটির এক জরুরি সভায় কর্মসূচি স্থগিতের আনুষ্ঠানিক ঘোষণা আসে। ফেডারেশনের সিলেট বিভাগীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি দেলোয়ার হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সজিব আলীর পরিচালনায় এই সভা অনুষ্ঠিত হয়।

শ্রমিক নেতৃবৃন্দ জানান, দুপুরে সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরীর সাথে তাদের ফলপ্রসূ আলোচনা হয়েছে। সভায় এসএমপি কমিশনার আশ্বস্ত করেছেন যে, সুষ্ঠু তদন্তের মাধ্যমে নির্দোষ শ্রমিক নেতাদের মামলা থেকে অব্যাহতি দেওয়া হবে। এছাড়া প্রাথমিক তদন্তে ঘটনার সাথে সংশ্লিষ্টতা না পাওয়া গেলে কাউকে গ্রেপ্তার বা হয়রানি করা হবে না বলেও তিনি প্রতিশ্রুতি দেন। পুলিশের এই ইতিবাচক আশ্বাসের প্রেক্ষিতেই ধর্মঘট স্থগিতের সিদ্ধান্ত নেন শ্রমিকরা।

উল্লেখ্য, গত ২৭ এপ্রিল কদমতলী কেন্দ্রীয় বাস টার্মিনালে শ্রমিকদের দুই গ্রুপের সংঘর্ষে চিকিৎসাধীন অবস্থায় দুই শ্রমিকের মৃত্যু হয়। এই ঘটনায় পাল্টাপাল্টি দুটি মামলা দায়ের করা হয়। একটি মামলায় জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি ময়নুল ইসলাম ও সাধারণ সম্পাদক আলী আকবর রাজনসহ ২৯ জনের নাম উল্লেখ করা হয়েছে। অন্য মামলায় সাধারণ সম্পাদক আব্দুল মুহিমসহ ১৯ জনের নাম উল্লেখ করা হয়েছে। দুটি মামলাতেই বিপুল সংখ্যক অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়েছে।

এসএমপির দক্ষিণ সুরমা থানার ওসি আশরাফুজ্জামান জানিয়েছেন, মামলা দুটি বর্তমানে তদন্তাধীন রয়েছে।

জরুরি সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট জেলা ট্রাক মালিক গ্রুপের সভাপতি গোলাম হাদি সাইফুল, কার্যকরী সভাপতি স্বপন আহমদ, জেলা বাস মিনিবাস মালিক সমিতির কার্যকরী সভাপতি নাজিম লস্কর, জেলা ট্রাক পিকআপ কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মাসুম লস্করসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ।

ধর্মঘট স্থগিত হওয়ার ফলে সিলেট বিভাগে আগামী ১৯ মে থেকে জনমনে দেখা দেওয়া ভোগান্তির আশঙ্কা আপাতত দূর হলো। তবে ৬ জুনের মধ্যে তদন্তের অগ্রগতি না হলে পরবর্তী করণীয় নির্ধারণ করবেন বলে জানিয়েছেন শ্রমিক নেতারা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।