সোমবার , ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ২:১৮
আজকের সর্বশেষ সবখবর

সিলেটে হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক, ২৪ ঘণ্টায় দুই শিশুর মৃত্যু

সিলেটের সকাল রিপোর্ট :
সেপ্টেম্বর ২১, ২০২৬ ১২:৫৫ অপরাহ্ণ
Link Copied!

সিলেট বিভাগে হাম ও রুবেলার প্রাদুর্ভাব আরও উদ্বেগজনক হয়ে উঠেছে। গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামে আক্রান্ত হয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৫৮ জন সন্দেহজনক হাম রোগী। বর্তমানে বিভাগের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ৫৩৫ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।

সোমবার (২১ সেপ্টেম্বর) সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের দৈনিক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া দুই শিশুই সুনামগঞ্জ জেলার বাসিন্দা। তারা সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিল। মৃতদের মধ্যে একজনের বয়স ৭ মাস। তার বাড়ি সুনামগঞ্জের শাল্লা উপজেলায়। অপর শিশুটির বয়স ২ বছর ২ মাস। তার বাড়ি তাহিরপুর উপজেলায়।

প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত সিলেট বিভাগে মোট ১ হাজার ৫৩ জন নিশ্চিত হামের রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে সিলেট জেলায় ৩৮৫ জন, সুনামগঞ্জে ৩৫৭ জন, মৌলভীবাজারে ১৫৮ জন এবং হবিগঞ্জে ১৫৩ জন শনাক্ত হয়েছেন।

গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া ১৫৮ জনের মধ্যে সবচেয়ে বেশি ৫৩ জন ভর্তি হয়েছেন শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে। এছাড়া সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৪৫ জন এবং সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ৪৩ জন ভর্তি হয়েছেন।

বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ৫৩৫ জনের মধ্যে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ১৮৯ জন, শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১৬৭ জন এবং সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ৭৫ জন রয়েছেন। অন্য রোগীরা বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

স্বাস্থ্য বিভাগের হিসাব অনুযায়ী, চলতি বছর সিলেট বিভাগে হাম ও সন্দেহজনক হামে আক্রান্ত হয়ে মোট ১৭২ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ১৬২ জন সন্দেহজনক হাম রোগী এবং ১০ জন নিশ্চিত হাম রোগী ছিলেন।

জেলাভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে সিলেটে—৬৭ জন। এর পরেই রয়েছে সুনামগঞ্জ, যেখানে মারা গেছেন ৬৬ জন। এছাড়া হবিগঞ্জে ২৪ জন এবং মৌলভীবাজারে ১৫ জনের মৃত্যু হয়েছে।

হাম ও সন্দেহজনক হাম রোগীর সংখ্যা এবং মৃত্যুর ঘটনায় সিলেট বিভাগের স্বাস্থ্য পরিস্থিতি নিয়ে উদ্বেগ আরও বাড়ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।