সারা দেশের ন্যায় আজ (রোববার) সকাল ৮টায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেটে ভোটগ্রহণ শুরু হয়েছে। দেশের ৩০০ আসনের মধ্যে ২৯৯ টিতে ভোট গ্রহণ শুরু হয়েছে। একজন প্রার্থীর মৃত্যুর কারণে নওগাঁ-২ আসনের ভোটগ্রহণ বাতিল করা হয়েছে। দিনভর ভোট নেওয়ার পর রাতে ভোটের ফলাফল আসতে শুরু করবে।
প্রায় দুই হাজার প্রার্থীর সবাই আশা করছেন সংসদ সদস্য হবেন, সংসদে যাবেন। চিরবৈরী বিএনপি ভোট বর্জন করায় আওয়ামী লীগই যে ভোটে জিতে টানা চতুর্থবার ক্ষমতায় যাচ্ছে, তা প্রায় নিশ্চিত।
এর আগে গত বছরের ১৫ নভেম্বর সন্ধ্যা ৭টায় আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবন থেকে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। ঘোষণা অনুযায়ী, মনোনয়নপত্র জমা, প্রার্থিতা প্রত্যাহার, প্রতীক বরাদ্দের পর প্রচার-প্রচারণা শেষে আজ সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়েছে।
সারা দেশে মোট ভোটার ১১ কোটি ৯৩ লাখ, ৩৩ হাজার ১৫৭। এর মধ্যে পুরুষ ভোটার রয়েছেন ৬ কোটি ৫ লাখ ৯২ হাজার ১৬৯। আর নারী ভোটার ৫ কোটি ৮৭ লাখ ৪০ হাজার ১৪০। হিজড়া ভোটারের সংখ্যা ৮৪৮। নির্বাচন কমিশনের মোট নিবন্ধিত দলের সংখ্যা ৪৪। এর মধ্যে নির্বাচনে অংশ নিচ্ছে ২৮টি রাজনৈতিক দল। বিএনপিসহ নিবন্ধিত বাকি দল এবং আরও কিছু বিরোধী দল নির্বাচন বর্জন করেছে।
