সোমবার , ১০ মার্চ ২০২৫, ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ভোর ৫:০২
আজকের সর্বশেষ সবখবর

সিলেটে ভাইয়ের হাতে ভাই হত্যা মামলার পলাতক ২ আসামী গ্রেপ্তার

ডেস্ক রিপোর্ট
মার্চ ১০, ২০২৫ ১০:৩৪ অপরাহ্ণ
Link Copied!

সিলেটের দক্ষিণ সুরমা থানায় চাঞ্চল্যকর ভাইয়ের হাতে ভাই হত্যা মামলার পলাতক ২ আসামীকে ময়মনসিংহ থেকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৯। সোমবার এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন র‌্যাব-৯ এর সহকারী পুলিশ সুপার মো. মশিহুর রহমান সোহেল।

গ্রেপ্তারকৃতরা হলেন- সিলেটের দক্ষিণ সুরমার রাজীবাড়ির ভড়াউট এলাকার মৃত মনফর আলীর ছেলে কামাল আহম্মদ (২৫) ও কামাল আহম্মদের স্ত্রী নিনা বেগম (২০)। তারা দুজনেই স্বামী-স্ত্রী।

র‌্যাব-৯ জানায়, সিলেটের দক্ষিণ সুরমার রাজীবাড়ি ভড়াউট এলাকায় ভিকটিম খসরু মিয়ার সাথে বাড়ির জায়গায় ঘর নির্মাণকে কেন্দ্র করে তার মা ও ভাইদের সাথে মনমালিন্য চলছিল। ২০ ফেব্রুয়ারি সকাল আনুমানিক সাড়ে ১০ টায় নাস্তা খাওয়া নিয়ে কথা কাটাকাটি হয় তাদের মধ্যে। একপর্যায়ে কামাল আহম্মদ ভিকটিমকে স্বজোরে ধাক্কা দিলে উঠানে থাকা কড়ই গাছের সাথে লেগে মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরবর্তীতে তার আরেক ভাই তাকে সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা করে ভর্তি করেন। পরবর্তীতে ২৪ ফেব্রুয়ারি ভোরে কর্তব্যরত চিকিৎসক ভিকটিমকে মৃত ঘোষণা করেন।

পরে ভিকটিমের স্ত্রী ফাহমিদা বেগম বাদী হয়ে সিলেট মহানগর পুলিশের দক্ষিণ সুরমা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরে র‌্যাব-৯, সদর কোম্পানী এবং র‌্যাব-১৪, ময়মনসিংহ এর যৌথ আভিযানিক দল রোববার রাতে ময়মনসিংহের ভালুকা থানাধীন মাষ্টার বাড়ী এলাকায় ও একই দিন রাতে একই এলাকায় আরেকটি অভিযান পরিচালনা করে মামলার ১নং ও ২ নং এজাহার নামীয় পলাতক আসামীদের গ্রেপ্তার করা হয়।

সহকারী পুলিশ সুপার মো. মশিহুর রহমান সোহেল জানান, পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেপ্তারকৃত আসামীদ্বয়কে দক্ষিণ সুরমা থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে র‌্যাব-৯ এর চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।