সোমবার , ১৬ জুন ২০২৫, ২৫শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, বিকাল ৫:১১
আজকের সর্বশেষ সবখবর

সিলেটে বিশ্ব রক্তদাতা দিবসে সম্মাননা প্রদান এবং যুব ও স্বেচ্ছাসেবক সমাবেশ

স্টাফ রিপোর্টার
জুন ১৬, ২০২৫ ৮:১১ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) অধ্যাপক ডা. মো. আজিজুল ইসলাম বলেছেন, যুবকরা দেশ ও জাতির মূল চালিকাশক্তি। একাত্তরের স্বাধীনতা যুদ্ধ ও ‘২৪ এর গণঅভ্যুত্থানে আমরা এর প্রমাণ পেয়েছি। এই যুবকরা যেন কোনভাবেই বিপথগামী না হয়। যুবকদের মনুষ্যত্ববোধকে লালন করে মানবতার সেবা করে যেতে হবে। যুবকরা নিজেরা স্বাবলম্বী হলে এবং নিজেদের সঠিকভাবে কাজে লাগালে বাংলাদেশ দ্রুত এগিয়ে যাবে। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সরকারের সহযোগী হিসেবে যেকোন দুর্যোগে জনগণের পাশে থেকে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় রক্তদান কর্মসূচী পরিচালনার মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধি ও স্বেচ্ছায় রক্তদানে উৎসাহিত করার পাশাপাশি রোগীদের রক্ত সরবরাহ করছে। এই রক্তদানে তরুণ ও নারীদের আরো বেশি করে সম্পৃক্ত করতে আমাদের কাজ করতে হবে।

বিশ্ব রক্তদাতা দিবস-২০২৫ উপলক্ষে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, মুজিব-জাহান রেড ক্রিসেন্ট রক্ত কেন্দ্র, সিলেটের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান, আলোচনা সভা, সম্মাননা প্রদান এবং যুব ও স্বেচ্ছাসেবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সোমবার সিলেট নগরের সুবিদাবাজারস্থ প্রাইমারি টিচার্স ট্রেনিং ইন্সটিটিউট (পিটিআই) অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের ভাইস চেয়ারম্যান মাওলানা হাবিবুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ভাইস চেয়ারম্যান ড. তাসনিম আজিম, সোসাইটির ট্রেজারার মোহাম্মদ আমিনুল ইসলাম, আইএফআরসি বাংলাদেশের হেড অব ডেলিগেশন আলবার্তো বোকানেগ্রা।

অনুষ্ঠান যৌথভাবে সঞ্চালনা করেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের সদস্য ও মদন মোহন কলেজের অধ্যাপক ফরিদ আহমদ এবং রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের সদস্য মাহবুবুল হক চৌধুরী।

অনুষ্ঠানের শুভেচ্ছা বক্তব্য রাখেন মুজিব জাহান রেড ক্রিসেন্ট রক্ত কেন্দ্রের ইনচার্জ ডা. তাওহীদ চৌধুরী। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেটি ইউনিটের নবগঠিত এডহক কমিটির পক্ষে বক্তব্য রাখেন মাহবুব কাদির শাহী, ফয়সাল আহমদ ও আবু সাঈদ।

শুভেচ্ছা বক্তব্য রাখেন- বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের ইউনিট লেভেল অফিসার মো. মিজানুর রহমান, যুব রেড ক্রিসেন্টের যুব সদস্য বদরুল আজাদ ও রক্তদাতা মুহিবুল রহমান শুয়েব। অনুষ্ঠানে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের বিভিন্ন প্রজেক্টের কার্যক্রমের উপর প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয় এবং রক্তদাতাদের ক্রেস্ট প্রদান করে সংবর্ধনা প্রদান করা হয়।

অনুষ্ঠানের শুরুতে ‘২৪ এর জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন মাওলানা হাবিবুর রহমান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।