সিলেটের সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে প্রায় ১ কোটি ৮৫ লাখ টাকা মূল্যের ভারতীয় চোরাচালানি মালামাল আটক করেছে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)। সোমবার (১৮ মে) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিজিবি বিষয়টি নিশ্চিত করেছে।
বিজিবি সূত্রে জানা গেছে, রবিবার (১৭ মে) থেকে সোমবার সকাল পর্যন্ত সিলেটের সীমান্তবর্তী এলাকা বাংলাবাজার, সোনালীচেলা, প্রতাপপুর, নোয়াকোট, বিছনাকান্দি এবং পান্থুমাই বিওপি (বর্ডার আউটপোস্ট) কর্তৃক বিশেষ এই অভিযানগুলো পরিচালিত হয়।
অভিযানের সময় সীমান্ত দিয়ে অবৈধভাবে আসা ও বাংলাদেশ থেকে পাচারের সময় নিম্নলিখিত পণ্যসমূহ জব্দ করা হয়। বিপুল পরিমাণ ভারতীয় জিরা, সিটি গোল্ড চেইন ও ফেস পাউডার, চিংড়ির রেনু ও চিনি, বাংলাদেশ থেকে পাচারের উদ্দেশ্যে নেওয়া চানাচুর। আটককৃত এই সকল মালামালের আনুমানিক বাজারমূল্য ধরা হয়েছে ১ কোটি ৮৫ লাখ ৩৪ হাজার ৯০০ টাকা।
সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক বলেন, “সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান এবং মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সবসময় অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্ত এলাকা থেকে বিপুল পরিমাণ এই চোরাচালানি মালামাল আটক করা সম্ভব হয়েছে। আটককৃত মালামাল সমূহের বিষয়ে বিধি মোতাবেক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
উল্লেখ্য সাম্প্রতিক সময়ে সীমান্ত পথে অবৈধ পণ্যের প্রবেশ ঠেকাতে সিলেট সীমান্ত এলাকায় বিজিবি তাদের টহল ও কঠোর নজরদারি আরও জোরদার করেছে।
