সিলেটে বিএনপির ১৯৬ জনের নামে মামলা করেছে পুলিশ। শনিবার সিলেট মহানগর পুলিশের এয়ারপোর্ট থানায় ১৭১ জনের নামে ও দক্ষিণ সুরমা থানায় ২৫ জনের নামে এই মামলা করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম। তিনি জানান, শুক্রবার ঢাকা-সিলেট মহাসড়কের সিলেটের দক্ষিণ সুরমায় একটি চলন্ত ট্রাকে আগুন দেয়ার ঘটনায় ২৫ জনকে অজ্ঞাত আসামি করে বিশেষ ক্ষমতা আইনে দক্ষিণ সুরমা থানায় মামলা করা হয়েছে। অপরটি নগরের আম্বরখানা এলাকায় বিএনপির ককটেল বিস্ফোরণের ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে এজহারনামীয় ২১ জন ও অজ্ঞাত ১৫০ জনকে আসামি করে এয়ারপোর্ট থানায় মামলা দায়ের করা হয়েছে। শুক্রবারের ঘটনায় গ্রেপ্তারকৃত ৪ জন ও সিলেটে জেলা বিএনপির সভাপতি কাইয়ুম চৌধুরীকে ৫ম আসামি করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন- জেলা বিএনপির মৎস্যবিষয়ক সম্পাদক জালাল খাঁন, সিলেট মহানগর বিএনপি নেতা আলী হায়দার মজনু, মহানগর সেচ্ছাসেবক দল নেতা জেবুল আহমদ ও সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আকবর আলী।
এবিষয়ে সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, মামলা হয়েছে শুনছি। তবে আমি যে আসামি, সেটা জানি না। আমরা তো রাজনৈতিক কর্মসূচি পালন করি। এখন তারা তো সবসময়ই মামলা করে। আবারও তারার মামলার স্বীকার। আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাবো।
