সিলেটে বাস ও সিএনজি অটোরিকশার সংঘর্ষে ২ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার রাতে জালালাবাদ থানার বলাউড়া নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। এঘটনায় নারীসহ ৪ জন আহত হয়েছেন।
নিহতরা হলেন- সিলেটের জালালাবাদ থানার বলাউড়া বাজারের কসরপুর গ্রামের মৃত জমির আলীর ছেলে রুবেল আহমদ (১৮) এবং একই গ্রামের আব্দুল বারির ছেলে সালেক (২০)।
জানা যায়, শুক্রবার রাত ১০ টার দিকে সিলেটের বলাউড়ায় মামুন পরিবাহনের যাত্রবাহী একটি বাসের সাথে একটি সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়। সংঘর্ষে সিএনজি অটোরিকশার ৬ যাত্রী আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক রুবেল ও সালেককে মৃত ঘোষণা করেন। আহতদের মধ্যে বাকি ৪ জন হাসপাতালে চিকিৎসাধীন।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুনুর রশিদ। তিনি জানান, দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনায় আহতদের মধ্যে ৪ জন ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এরমধ্যে অটোরিকশা চালকের অবস্থা গুরুতর।
