সিলেটে প্রায় ২ কোটি টাকার চোরাচালানী মালামাল আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোম ও মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ও সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে বিজিবি ভারতীয় শাড়ী, লেহেঙ্গা, সানগ্লাস, চিনি, আপেল, মহিষ, গরু, বিড়ি এবং বাংলাদেশী রসুন সহ ডিআই পিকআপ ও নৌকাসহ অন্যান্য মালামাল আটক করে। যার আনুমানিক বাজার মূল্য ১ কোটি ৭৯ লাখ ৮০ হাজার ২৫০ টাকা।
বিজিবি জানায়, সোম ও মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর দায়িত্বাধীন সিলেট ও সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে বিজিবি টহলদল ৩৬৯ টি ভারতীয় শাড়ী, ৭ টি লেহেঙ্গা, ৪ হাজার ৯৯ পিস সানগ্লাস, ১৬ হাজার ৪০০ কেজি চিনি, ২ হাজার ৮৫০ কেজি আপেল, ৯ টি মহিষ, ৪৩ টি গরু, ৯৮০ প্যাকেট বিড়ি এবং ৮৮০ কেজি বাংলাদেশী রসুন সহ ১টি ডিআই পিকআপ ও অবৈধভাবে পাথর উত্তোলনকারী ৭টি নৌকাসহ অন্যান্য মালামাল আটক করে। যার আনুমানিক বাজার মূল্য ১ কোটি ৭৯ লাখ ৮০ হাজার ২৫০ টাকা।
সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ হাফিজুর রহমান বলেন, সীমান্তবর্তী এলাকার অভিযান পরিচালনা করে চোরাচালানী মালামাল জব্দ করা হয়। আটককৃত চোরাচালানী মালামাল সমূহের বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।
