সিলেটে প্রায় কোটি টাকার ভারতীয় বিভিন্ন ধরনের শাড়ী, লুঙ্গি, টি-শার্ট, সিগারেট ও কসমেটিকস ক্রীমসহ ৩ জনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম।
আটককৃতরা হলেন- ভোলার মনপুরার মো. আব্দুর রশিদ মাঝির ছেলে রিয়াজ ওরফে সাইফুল (২৪), সুনামগঞ্জের শান্তিগঞ্জের মো. নাছির উদ্দিনের ছেলে লিটন (২৩) ও ঝালকাঠির নলছিটির মো. আমির আলী খানের ছেলে মো. আলমগীর খান (৩৫)।
পুলিশ জানায়, মঙ্গলবার সিলেট মহানগর পুলিশের শাহপরাণ (রহ.) থানাধীন সুরমা বাইপাসে চেকপোস্ট করাকালে সন্দেহভাজন একটি নীল ও হলুদ রঙের পিকআপ থামার সংকেতে দিলে পিকআপটি দ্রুতগতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।পরবর্তীতে পুলিশ মুরাদপুর হাইফা বাজার এলাকায় ব্যারিকেড দিয়ে পিকআপটি থামায় এবং পলায়নের চেষ্টাকালে তিনজনকে আটক করা হয়। এসময় ওই পিকআপ তল্লাশী করে ভারতীয় শাড়ি, টি-শার্ট (ALLROGGED), লুঙ্গি, Marlboro Gold সিগারেট, Skin Brite Cream:, Clop G Cream , Skin Sunkise Cream আটক করা হয়। যার আনুমানিক বাজারমূল্য ৯০ লাখ ৪০ হাজার টাকা। এসময় ওই পিকআপ জব্দ করা হয়।
মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, আসামিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায় যে, উপরোক্ত মালামাল সীমান্ত দিয়ে চোরাচালানের মাধ্যমে বাংলাদেশে এনে সিলেট শহরে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল। এ চোরাচালানের আরো একজন সম্পৃক্ত রয়েছে বলেনও জানায় । উক্ত ঘটনায় শাহপরাণ (রহঃ) থানায় মামলা দায়ের করে আসামীদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
