মঙ্গলবার , ১১ মার্চ ২০২৫, ১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১২:১১
আজকের সর্বশেষ সবখবর

সিলেটে নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে পালাতে সহায়তার অভিযোগে ৩ ব্যবসায়ী গ্রেপ্তার

সিলেটের সকাল রিপোর্ট
মার্চ ১১, ২০২৫ ৮:০০ অপরাহ্ণ
Link Copied!

সিলেটে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ নেতা জাবেদকে পালিয়ে যেতে সহায়তার অভিযোগে তিন ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাত দেড়টার দিকে নগরের জিন্দাবাজারের ওয়েস্ট ওয়ার্ল্ড শপিং সিটি থেকে তাদের আটক করা হয়।

পালিয়ে যাওয়া ছাত্রলীগ নেতা জাবেদ আহমদ। এ ঘটনায় আটককৃতরা হলেন- রায়হান হোসেন, ফরহাদ আহমদ, জুনেদ আহমদ।

জানা যায়, সোমবার রাত ১২টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিলেটের সদস্যরা নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ও জুলাই অভ্যুত্থানে ছাত্র-জনতার বিরুদ্ধে অবস্থান নেওয়া ছাত্রলীগ নেতা জাবেদ আহমদকে শনাক্ত করেন। পরে তাকে আটক করার পূর্বেই রায়হান নামের এক ব্যবসায়ী তাকে নিরাপদভাবে পালিয়ে যেতে সহায়তা করেন৷ জাবেদ পালিয়ে যাওয়ার খবরে সিলেটের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরা মধ্যরাতে জিন্দাবাজার এলাকা স্লোগানে ও মিছিলে উত্তাল করে তোলেন। এসময় স্থানীয় ব্যবসায়ী ও পথচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এসময় জাবেদকে পালিয়ে যেতে সহযোগিতা করা তিনজনকে পুলিশ আটক করে।

শাবিপ্রবির বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উপদেষ্টা আবু সালেহ মোহাম্মদ নাসিম বলেন, নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ওই নেতা জুলাই আন্দোলনে ছাত্র-জনতার বিরুদ্ধে রামদা নিয়ে দাঁড়িয়েছিল৷ যার সব প্রমাণাদি রয়েছে৷ এমনকি তার বিরুদ্ধে মামলাও রয়েছে। তাকে সোমবার রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরা ওয়েস্ট ওয়ার্ল্ড শপিং সিটির ভেতরে দেখেন। তখন ওই শপিং সিটির সভাপতি ও সাধারণ সম্পাদক তাকে পুলিশের সোপর্দ করতে চাইলেও রায়হান নামের ওই ব্যবসায়ী তাকে পালিয়ে যেতে সহায়তা করেছে। নিষিদ্ধ সংগঠনের সদস্যকে পালিয়ে যেতে সহায়তা করার অপরাধে এই মুহূর্তে রায়হানসহ তার সহযোগীদের আটক করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক আজকের পত্রিকাকে জানান, ছাত্রলীগ নেতাকে পালাতে সহায়তা করায় তিন ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। পলাতক ছাত্রলীগ নেতাকে ধরতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তারকৃতদের সংশ্লিষ্ট মামলায় গ্রেপ্তার দেখিয়ে কোর্টে প্রেরণ করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।