সিলেটে দেশীয় অস্ত্রসহ ৪ জনকে আটক করেছে যৌথবাহিনী। বৃহস্পতিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম।
আটককৃতরা হলেন- সিলেট নগরের বনকলাপাড়ার আব্দুল মুক্তাদির ওরফে বুলবুল আহমদের ছেলে ইমাদ উদ্দিন আহমেদ (৩৮), মিরাপাড়ার মৃত সিকন্দর আলীর ছেলে মাহমুদ আলী (৪৪), ফেঞ্চুগঞ্জের গাজীপুরের মৃত নেদারুল ইসলামের ছেলে রিপন (৪৬) ও নগরের বাদামবাগিচার আমিন মিয়ার ছেলে মুজিবুর রহমান সনি (২৭)।
পুলিশ জানায়, বুধবার রাতে যৌথ বাহিনী আম্বরখানা পয়েন্টে অবস্থানকালে গোপন সংবাদ পায় যে, এয়ারপোর্ট থানাধীন বনকলাপাড়াস্থ বাসা নং-নূরানী/৫২-তে কয়েকজন সন্ত্রাসী অপরাধমূলক কর্মকাণ্ডের পরিকল্পনা করছে। পরে যৌথবাহিনী উক্ত বাসায় অভিযান পরিচালনা করে। অভিযানকালে বাসাটি তল্লাশি করে দেশীয় অস্ত্রসহ বিভিন্ন আলামত জব্দ করা হয়। এসময় ১টি লোহার বাট যুক্ত রামদা, ৫টি ছোরা (ছুরি), ২টি কাটি, ১ টি পিস্তল সদৃশ্য গ্যাস লাইটার, খালি মদের বোতল ও মদ পানের গ্লাস, বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস ও ডিজিটাল মিডিয়া উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায় যে, উক্ত অস্ত্র ও আলামত এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি সহ সন্ত্রাসী কার্যকলাপ করার উদ্দেশ্যে সংরক্ষণ করা হয়েছিল।
মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, আটককৃতদের বিরুদ্ধে থানায় মামলা করে আদালতের মাধ্যমে বৃহস্পতিবার কারাগারে প্রেরণ করা হয়েছে।
