সিলেটে পুলিশের বিশেষ অভিযানে ছিনতাইকারী সহ ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম।
গ্রেপ্তারকৃতরা হলেন- নগরের শাহপরাণ (রহ.) থানাধীন দাসপাড়ার রফিক মিয়ার ছেলে বাবুল আহমদ (৪৫), হাতিমবাগের নূরুল আমীনের ছেলে রুহেল আহমদ (২৩), উত্তর বালুচরের আলী আকবরের ছেলে আব্দুর রহিম (৩২), সিলেটের জালালাবাদ থানার কালারুকার আব্দুর নুরের ছেলে মো. জমির (২৯) ও শেখপাড়ার জহির উদ্দিনের ছেলে মো. সেলিম (৪০)।
পুলিশ জানায়, বৃহস্পতিবার মধ্যরাতে ভূমিখেকো, টিলাকাটা ও জমির টপসয়েল বিক্রয়কারী এবং বিভিন্ন থানার একাধিক মামলার আসামী বাবুল আহমদকে (৪৫)কে প্রাইভেটকারসহ এয়ারপোর্ট থানাধীন ধোপাগুল এলাকা থেকে গ্রেপ্তার করে এবং কোতোয়ালী থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়।
এদিকে শুক্রবার রাতে একটি সংঘবদ্ধ ছিনতাইকারী চক্র এক ব্যবসায়ীর ৭২ হাজার টাকা ছিনতাইকালে নগরীর পাঠানটুলা এলাকা থেকে স্থানীয় জনগনের সহায়তায় এই চক্রের দুই ছিনতাইকারী রুহেল আহমদ ও আব্দুর রহিমকে সিএনজি ও দুইটি মোবাইলসহ পুলিশ গ্রেপ্তার করে। তাদের বিরুদ্ধে জালালাবাদ থানায় মামলা রয়েছে।
এদিন রাতে সুবিদবাজার এলাকা থেকে দুই ছিনতাইকারী মো. জমির ও মো. সেলিমকে গ্রেপ্তার করে পুলিশ। তাদের বিরুদ্ধে জালালাবাদ থানায় মামলা রয়েছে।
মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, আসামীদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
