রবিবার , ১০ মে ২০২৬, ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১০:৩৮

সিলেটে চেয়ারম্যান-মেয়র পদে ৯ প্রার্থীর নাম ঘোষণা এনসিপির

নিজস্ব প্রতিবেদক ::
মে ১০, ২০২৬ ৮:০০ অপরাহ্ণ
Link Copied!

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে প্রথম ধাপে দেশের বিভিন্ন উপজেলা চেয়ারম্যান ও পৌরসভার মেয়র পদে ১০০ প্রার্থীর নাম ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। ঘোষিত ১০০ প্রার্থীর তালিকায় সিলেট বিভাগের বিভিন্ন উপজেলা ও পৌরসভা থেকে স্থান পেয়েছেন ৯ জন।

রোববার (১০ মে) বিকেলে রাজধানীতে এনসিপির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন দলটির মুখ্য সংগঠক সারজিস আলম।

তিনি জানান, স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে দলটির কাছে হাজারের বেশি আবেদন জমা পড়ে। সেসব আবেদন যাচাই-বাছাই শেষে প্রাথমিকভাবে ১০০ জনকে দলীয় সমর্থিত প্রার্থী হিসেবে চূড়ান্ত করা হয়েছে।

সারজিস আলম বলেন, আজ আমরা প্রাথমিকভাবে ১০০ জন এনসিপি সমর্থিত উপজেলা চেয়ারম্যান ও পৌর মেয়র প্রার্থীর নাম ঘোষণা করছি। ঈদের আগেই, এ মাসের ২০ তারিখে দ্বিতীয় ধাপে আরও ১০০ প্রার্থীর নাম প্রকাশ করা হবে। তিনি আরও বলেন, এই প্রক্রিয়া চলমান থাকবে এবং ধাপে ধাপে আরও প্রার্থীর নাম ঘোষণা করা হবে।

এনসিপির ঘোষিত তালিকা অনুযায়ী, সিলেট জেলায় কোম্পানিগঞ্জ উপজেলা চেয়ারম্যান পদে ওবায়েদ আহমেদ, কানাইঘাটে বোরহান উদ্দিন ইউনূস, ওসমানীনগরে হাজি মো. মোশাহিদ আলী, জৈন্তাপুরে জাকারিয়া এবং গোয়াইনঘাটে মনসুরুল হাসানকে দলীয় প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে।

হবিগঞ্জের আজমিরিগঞ্জ উপজেলা চেয়ারম্যান পদে মনোনয়ন পেয়েছেন মো. কামাল আহমেদ। একই জেলায় হবিগঞ্জ সদর পৌরসভার মেয়র পদে প্রার্থী করা হয়েছে মাহবুবুল বারী চৌধুরীকে।

মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলা চেয়ারম্যান পদে খালেদ হাসান এবং কুলাউড়া উপজেলা চেয়ারম্যান পদে আবু রুকিয়ানকে প্রার্থী ঘোষণা করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।