সিলেটের গোলাপগঞ্জে গলায় দড়ি দিয়ে ফাঁস দেওয়া অবস্থায় লাকি বেগম (২৫) নামের এক গৃহবধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুরে উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের হেতিমগঞ্জ মোল্লা গ্রামের একটি কলোনী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত লাকি বেগম(২৫) সিলেটের জতিগঞ্জ উপজেলার ফুলতলি এহলাশাহ গ্রামের আব্দুর রশিদের স্ত্রী। তারা দীর্ঘদিন থেকে গোলাপগঞ্জের হেতিমগঞ্জ মোল্লা গ্রামের একটি কলোনীতে বসবাস করে আসছিলেন। তাদের ১ মেয়ে ও ৩ ছেলে রয়েছে।
জানা যায়, শনিবার দুপুর ১টার দিকে উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের হেতিমগঞ্জ মোল্লা গ্রামের একটি কলোনীর টিনশেড ঘরের টিনের চালের নীচে স্টিলের সিলিংয়ের সাথে দড়ি দিয়ে ফাঁস দেন লাকি বেগম। পরে আশপাশের লোকজন বিষয়টি দেখতে পেরে তার স্বামী ও পুলিশকে খবর দেন। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে।
বিষয়টি নিশ্চিত করে গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান মোল্যা আজকের পত্রিকাকে জানান, এটি প্রাথমিকভাবে আত্মহত্যা বলেই ধারণা করা যাচ্ছে। তার স্বামী টমটম চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। তারা গরীব পরিবারের। তার লাশ উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। লাশ বর্তমানে মর্গে রয়েছে।
