শনিবার , ১২ এপ্রিল ২০২৫, ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১:৫৬
আজকের সর্বশেষ সবখবর

সিলেটে গাড়ি পার্কিং নিয়ে স্বেচ্ছাসেবকদল নেতাকর্মীদের পেটাল নিষিদ্ধ ছাত্রলীগ

স্টাফ রিপোর্টার
এপ্রিল ১২, ২০২৫ ৭:৪৮ অপরাহ্ণ
Link Copied!

সিলেটে গাড়ি পার্কিং নিয়ে কথা কাটাকাটির জেরে স্বেচ্ছাসেবকদল নেতাকর্মীদের দুই দফা পিটিয়েছেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা। শুক্রবার রাত পৌনে ৮টার দিকে নগরের মাছিমপুর এলাকার ল’ কলেজ সংলগ্ন এলাকায় প্রথম দফা ও পরবর্তীতে মধ্যরাতে ২য় দফা এই হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় সিলেট জেলা স্বেচ্ছোসেবক দলের সাবেক সদস্যসচিব আজিজুল হক আজিজসহ চার কর্মী সমর্থক আহত হয়েছেন। এ সময় ৩১টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়।

জানা যায়, প্রতিদিনের মতো সিলেট জেলা স্বেচ্ছোসেবক দলের সাবেক সদস্য সচিব আজিজুল হক আজিজ তার অনুসারীদের নিয়ে ল’ কলেজ এলাকায় আড্ডা দিতে জড়ো হন।সেই সময় তাদের আড্ডাস্থলে গাড়ি পার্কিং করে রাখেন স্থানীয় মাছিমপুর এলাকার বাসিন্দা স্থানীয় আব্দুল হান্নানের ছেলে ছাত্রলীগ কর্মী অপু। এরপর আজিজের কর্মী সমর্থক ও অপর পক্ষের মধ্যে বাগ্‌বিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। বিষয়টি মীমাংসা করতে ঘটনাস্থলে আজিজ আসেন। তিনি উভয় পক্ষকে শান্ত করতে দু’দিকে ঠেলে দিতে চেষ্টা করেন। এক পর্যায়ে অপু, মঞ্জু, দিপু, মুজিব ও অপিসহ মাছিমপুর এলাকার লোকজন দেশীয় অস্ত্র দিয়ে স্বেচ্ছাসেবকদল নেতা আজিজের মাথায় আঘাত করেন। এতে তিনি মারাত্মকভাবে আহত হলে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে আজিজুল হক আজিজের অনুসারীরা ক্ষিপ্ত হয়ে প্রতিশোধ নিতে ঘটনাস্থলে আসেন। সেখানে আগে থেকে মাছিমপুর এলাকার লোকজনকে নিয়ে আওয়ামীলীগ কর্মী মান্নানের ছেলে অপু ছাড়াও, মঞ্জ, দিপু, অপি, মুজিবসহ শতাধিক লোকজন মিলিত হয়ে আরেক দফা হামলা করেন।

দ্বিতীয় দফা হামলার পর সিলেটের বিভিন্ন ইউনিটের বিএনপির নেতাকর্মীরা মধ্যরাতে ঘটনাস্থলে এসে উপস্থিত হলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এ সময় বিএনপির বিক্ষুব্ধ নেতাকর্মীরা মাইকে ঘোষণা দিয়ে হামলার চেষ্টা করলে সেনাবাহিনী ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বিষয়টি নিশ্চিত করে সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক বলেন, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। স্বেচ্ছাসেবকদলের নেতাকর্মীদের ওপর হামলার ঘটনা ঘটেছে। কোনো পক্ষ এখনো পর্যন্ত অভিযোগ করে নি। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। এসময় ৩১টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে। এগুলো থানায় নিয়ে আসা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।