সোমবার , ২৭ এপ্রিল ২০২৬, ১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১০:২৯
আজকের সর্বশেষ সবখবর

সতর্ক থাকুন, কেউ যেন বিশৃঙ্খলা করতে না পারে: দেশবাসীকে প্রধানমন্ত্রী

সিলেটের সকাল ডেস্ক ::
এপ্রিল ২৭, ২০২৬ ৮:৫০ অপরাহ্ণ
Link Copied!

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশবাসীকে উদ্দেশ্য করে বলেছেন, আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে, যাতে কেউ এ দেশে আর কোনো বিশৃঙ্খলা করতে না পারে। জনগণের শান্তি বিঘ্ন করে আবারও ১৭৩ দিনের হরতাল করতে চাইলে আমরা তাদের সেই সুযোগ দেব না। কোনো জুজুবুড়ির ভয় দেখিয়ে বাংলাদেশের মানুষকে পিছিয়ে রাখা যাবে না।

সোমবার (২৭ এপ্রিল) বিকালে যশোর কেন্দ্রীয় ঈদগাহে জেলা বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, আজ জুলাই সনদ এবং রাজনৈতিক বিষয় নিয়ে অনেকে বিভ্রান্তি সৃষ্টি করছে। আমাদের সিদ্ধান্ত নিতে হবে- যারা স্বৈরাচার পালিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে বলেছিল আমরা ক্ষমা করে দিলাম, যারা স্বৈরাচারের সঙ্গে ঢাকা থেকে বাইরে গিয়ে গোপনে মিটিং করে- তারা জনগণের কথা বলছে, নাকি যারা জনগণের জন্যে ফ্যামিলি কার্ড, কৃষকের জন্যে কৃষক কার্ড, বেকারদের জন্যে কর্মসংস্থানের ব্যবস্থা করছে তারা জনগণের কথা বলছে। কোন বিষয়গুলো আপনাদের কাছে জরুরি সেটি বিবচনা করতে হবে।

তারেক রহমান বলেন, ফ্যাসিস্ট সরকারের বিদায়ের পর আমরা রাজনৈতিক দলগুলো জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করেছিলাম। গত ১২ ফেব্রুয়ারি নির্বাচনে জনগণ হ্যাঁ-না ভোটের মাধ্যমে রায় দিয়েছে সেই জুলাই সনদ পাশ করানোর। জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় যে জুলাই সনদে স্বাক্ষর করেছি, সেই সনদের প্রত্যেকটি শব্দ, প্রত্যেকটি লাইন বিএনপি জাতীয় সংসদে পাশ করবে।

যশোর জেলা বিএনপির সভাপতি সৈয়দ সাবেরুল হক সাবুর সভাপতিত্বে জনসভায় প্রধানমন্ত্রী বিরোধী দলকে উদ্দেশ্য করে বলেন, আপনারা অপেক্ষা করেন। আগামীতে যদি দেশের মানুষ অপনাদের প্রতি আস্থা রাখে, আপনাদের নির্বাচিত করে তাহলে আপনারা তখন আপনাদের কাজ করবেন। এখন জনগণ পাঁচ বছরের জন্যে আমাদের ম্যান্ডেট দিয়েছে, এখন বিএনপির নির্বাচনি প্রতিশ্রুতির পাশাপশি জাতীয় প্রতিশ্রতি জুলাই সনদও বাস্তবায়ন করবে।

জনসভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম, পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, স্বাস্থ্যমন্ত্রী সরদার শাখাওয়াত হেসেন বকুল, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুণ্ডু, কেন্দ্রীয় সদস্য টিএস আইয়ূব, সাবেরা সুলতানা মুন্নী, আবুল হোসেন আজাদ, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মুনীর আহমেদ সিদ্দিকী বাচ্চু, নগর বিএনপির সভাপতি বিপ্লব চৌধুরী মুল্লুকচাঁদ, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মঞ্জুরুল হক খোকন, জেলা যুবদলের সভাপতি এম তমাল আহমেদ, সাধারণ সম্পাদক আনছারুল হক রানা, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা আমির ফয়সাল, ছাত্রদলের সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাপ্পী প্রমুখ।

এর আগে প্রধানমন্ত্রী সকালে ঢাকা থেকে যশোর বিমানবন্দরে নেমে সড়কপথে সোজা চলে যান শার্শার উলাশীতে। সেখানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত উলাশী-যদুনাথপুর খাল পুনর্খনন কাজ উদ্বোধন করেন তিনি।

এরপর যশোর মেডিকেল কলেজে ৫০০ শয্যাবিশিষ্ট হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে যান ঐতিহ্যবাহী যশোরা ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরি পরিদর্শনে। এরপর যশোরে সার্কিট হাউসে দুপুরের খাবার গ্রহণ এবং বিকাল সাড়ে চারটার দিকে সেখান থেকে পায়ে হেঁটে জনসভাস্থলে যান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।