সিলেটের হজরত শাহজালাল (রহ.) মাজারের দানের ডেগ ও দানবাক্সে চতুর্থ দফায় গণনা করে পাওয়া গেছে ৮৮ লাখ ৯২ হাজার ৯৬৬ টাকা। এর সঙ্গে ১৫ দেশের বৈদেশিক মুদ্রা এবং ১ ভরি ৯ আনা ২ রতি স্বর্ণ পাওয়া গেছে।
শনিবার সকালে জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুনের উপস্থিতিতে মাজারের তিনটি ডেগ ও পাঁচটি দানবাক্স খোলা হয়। পরে মাজার প্রাঙ্গণে প্রকাশ্যে টাকা ও অন্যান্য সামগ্রী গণনা করা হয়। জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট, পুলিশ ও আনসার সদস্যদের উপস্থিতিতে মাদ্রাসার শিক্ষার্থীরা গণনায় অংশ নেন।
গণনা শেষে সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী জানান, পাওয়া অর্থ আগের মতো মাজারের নামে সোনালী ব্যাংকে খোলা হিসাবে জমা রাখা হবে। পরবর্তীতে এসব অর্থ কীভাবে ব্যবহৃত হবে, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
পাওয়া বৈদেশিক মুদ্রার মধ্যে রয়েছে ব্রিটিশ পাউন্ড, ভারতীয় রুপি, থাই বাত, সৌদি রিয়াল, মালয়েশিয়ান রিঙ্গিত, মার্কিন ডলার, ওমানি রিয়াল, সংযুক্ত আরব আমিরাতের দিরহাম, ইরাকি দিনার, কাতারি রিয়াল, ইউরো, বাহরাইনি মুদ্রা, পাপুয়া নিউগিনির কিনা, চীনা ইউয়ান ও ইন্দোনেশিয়ান রুপিয়া।
মাজারের আয়-ব্যয়ে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে গঠিত ১৩ সদস্যের কমিটির তত্ত্বাবধানে এই গণনা হয়।
এর আগে ২২ জুন প্রথম দফায় ১৭ লাখ ৬৫ হাজার ৫৪৯ টাকা, ১১ জুলাই দ্বিতীয় দফায় ৪৭ লাখ ১০ হাজার ১৫৩ টাকা এবং ১৫ আগস্ট তৃতীয় দফায় ৭০ লাখ ৮৮ হাজার ৬৭২ টাকা পাওয়া যায়।
