শুক্রবার , ১৭ জুলাই ২০২৬, ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৩:১৯
আজকের সর্বশেষ সবখবর

শান্তিগঞ্জে রুস্তম হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতারের দাবিতে মানবন্ধন, ১২ ঘন্টার আল্টিমেটাম

সুনামগঞ্জ প্রতিনিধি ::
জুলাই ১৭, ২০২৬ ৬:৪২ অপরাহ্ণ
Link Copied!

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় রুস্তম আলী হত্যাকাণ্ডের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন উপজেলার আস্তমা গ্রামের বাসিন্দারা। শুক্রবার (১৭ জুলাই) বিকাল ৩টায় আস্তমা গ্রামের পয়েন্টে এই কর্মসূচি পালন করেন তারা।

মানববন্ধনে বক্তব্য দেন, গ্রামের বাসিন্দা সাজ্জাদ মিয়া, নিহত রুস্তম আলীর ভাই মাও. মোজাহিদ আহমদ, হাফিজ কয়েছ আহমদ, হাফিজ হোসাইন আহমদ ও আজিমুল হক বাইত উল্লাহ্।

বক্তব্যে বক্তারা বলেন, হত্যাকাণ্ডে জড়িত আসামিদের এখনো গ্রেফতার করা হয়নি। আগামী ১২ ঘন্টার মধ্যে যদি হত্যার সাথে জড়িত মূল হোতাসহ সকল আসামীদের গ্রেফতার করা না হয় তাহলে এই দাবি নিয়ে রাজপথে আন্দোলনে নামবেন আস্তমা গ্রামবাসী।

মানববন্ধনে নিহতের ভাই মাওলানা মোজাহিদ আহমদ বলেন, ‘আমাদের পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন আমার বড় ভাই রুস্তম আলী। আমার লেখাপড়া ও পরিবারের আর্থিক খরচ তিনিই বহন করতেন। এখন আমরা অসহায় হয়ে পড়েছি। এদিকে, আমার ভাই অন্ধকার কবরে আর খুনিরা বাইরে ঘুরাফেরা করছে। আমাদের দাবি, অতি তাড়াতাড়ি আসামীদের গ্রেফতার করে সর্বোচ্চ শান্তি নিশ্চিত করতে হবে।

প্রধানমন্ত্রী তারেক রহমান ও স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে ভাই হত্যার বিচার চান মোজাহিদ আহমদ। মানববন্ধন শেষে আস্তমা গ্রামে বিক্ষোভ মিছিল করেন বিক্ষোব্ধ জনতা।

শান্তিগঞ্জ থানার ওসি ওলিউল্লাহ বলেন, ‘হত্যাকাণ্ডের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামীদের গ্রেপ্তারে আমাদের চেষ্টা অব্যাহত আছে।’

মানবন্ধন ও মিছিলে উপস্থিত ছিলেন- গ্রামের বাসিন্দা গয়াছ মিয়া, আরিছ আলী, আবদুল মন্নান, আমরাজ আলী, সেবুল মিয়া, শফিকুন নূর, গুলজার আহমদ, সুজন মিয়া, জোবায়ের আহমদ, বদরুল আলম, ফারুক আহমদ, শাকিল আহমদ, মোশাররফ হোসেন ও আজিম উদ্দিন সহ আরো অনেকে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।