প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর আগামী শনিবার (০২ মে) প্রথমবারের মতো সিলেট সফরে আসছেন তারেক রহমান।
সফরকালে সিলেট সিটি করপোরেশনের জলাবদ্ধতা নিরসন প্রকল্প এবং সুরমার দুই পাড়ে ১৫ কিলোমিটারজুড়ে তীর সংরক্ষণ প্রকল্পের কাজের উদ্বোধন, বাসিয়া নদী খনন এবং ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ উদ্বোধন অনুষ্ঠানে যোগ দেবেন তিনি।
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী জানান, প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর এটি তারেক রহমানের প্রথম সিলেট সফর। সফরকে ঘিরে নির্ধারিত কর্মসূচিগুলো বাস্তবায়নে প্রস্তুতি চলছে বলে তিনি উল্লেখ করেন।
প্রধানমন্ত্রীর প্রটোকল কর্মকর্তা-১ মো. উজ্জ্বল হোসেন স্বাক্ষরিত পূর্ণাঙ্গ সফরসূচী অনুযায়ী, সকাল ১০টায় তিনি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন। পরে সকাল সাড়ে ১০টায় হযরত শাহজালাল (র.) মাজার জিয়ারত করবেন।
বেলা ১১টায় নগরের চাঁদনীঘাট এলাকায় সিলেট সিটি করপোরেশনের জলাবদ্ধতা নিরসন প্রকল্প এবং সুরমার দুই পাড়ে ১৫ কিলোমিটারজুড়ে তীর সংরক্ষণ প্রকল্পের উদ্বোধন করার কথা রয়েছে তার।
দুপুর ১২টায় সদর উপজেলার কান্দিগাঁওয়ে বাসিয়া খাল (বাসিয়া নদী) খননকাজের উদ্বোধন করবেন তিনি।
বিকেল ৩টায় সিলেট জেলা স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ উদ্বোধন অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী। এরপর বিকেল ৫টায় সিলেট জেলা শিল্পকলা একাডেমিতে দলীয় সভায় অংশ নেবেন তিনি।
দিনের কর্মসূচি শেষে সন্ধ্যা ৭টায় ঢাকার উদ্দেশে সিলেট ত্যাগ করার কথা রয়েছে।
প্রধানমন্ত্রীর সফর ঘিরে বিভিন্ন সরকারি দপ্তরের ভবন সুসজ্জিতকরণ, রাস্তাঘাট মেরামত, নগর ভবনের পরিচ্ছন্নতা বৃদ্ধি এবং সড়কের পাশের গাছপালার সৌন্দর্যবর্ধনের কাজ চলমান রয়েছে।
