সিলেটে ১ হাজার ৯৩৭ বোতল ফেনসিডিলসহ ৫ জনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। আজ রোববার (১৩ অক্টোবর) রাতে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার গৌরীনগর গ্রাম থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- গৌরীনগর গ্রামের মৃত নজীব আলীর ছেলে ইমাম উদ্দিন (৩৫), মৃত তেরা মিয়ার ছেলে আলাই (৩৫), মৃত আতাউলের ছেলে মসাইদ আলী (৪০), মো. তাজ উদ্দিনের ছেলে মো. রায়হান আহমেদ (১৮) ও মৃত ইউসুফ আলীর ছেলে জাহাঙ্গীর আলম (৩০)।
র্যাব জানায়, রোববার রাতে কোম্পানীগঞ্জ উপজেলার গৌরীনগর এলাকা থেকে ১ হাজার ৯৩৭ বোতল ফেনসিডিল উদ্ধারপূর্বক ৫ জন মাদক ব্যবসায়ীকে আটক করতে সক্ষম হয়।
সূত্র বলছে, উপজেলার ভোলাগঞ্জ, মাঝেরগাঁও, বরম সিদ্দিপুর, নারাইনপুর ও ছনবাড়ী সীমান্ত দিয়ে রাতের আধারে ভারত থেকে অহরহ আসছে মাদক। চিকাডহর সীমান্তে কিছু অংশে কাঁটাতারের বেড়া না থাকায় অবাধে প্রবেশ করতে পারেন মাদক কারবারিরা।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজায়ের আল মাহমুদ আদনান জানান। র্যাব কতৃক মামলায় তাদেরকে কোর্টে প্রেরণ করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৯ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার (মিডিয়া) মশিহুর রহমান সোহেল। তিনি জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় কোম্পানীগঞ্জ থানায় মামলা দায়ের করে হস্তান্তর করা হয়েছে।
