সোমবার , ৭ জুলাই ২০২৫, ১৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, বিকাল ৪:৩৬
আজকের সর্বশেষ সবখবর

যারা পিআর পদ্ধতির কথা বলছে তারাও পিআর পদ্ধতি সম্পর্কে জানে না- মির্জা আব্বাস

ডেস্ক রিপোর্ট
জুলাই ৭, ২০২৫ ৭:১৪ অপরাহ্ণ
Link Copied!

#এই সরকার নির্বাচন করতে পারবে না

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, একেক রাজনৈতিক দল একেক সময় একেক কথা বলছে, একই দল বারবার বলছে নির্বাচন হবে, আবার বলছে এই অবস্থায় নির্বাচনে যাওয়া যায় না। আবার বলছে পিআর পদ্ধতি, এই নাম বাংলাদেশের মানুষ শুনে নাই। কাকে পিআর পদ্ধতি বলা হয়, পিআর পদ্ধতি কি, এটা বাংলাদেশের মানুষ শুনে নাই। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি যারা পিআর পদ্ধতির কথা বলছে তারাও পিআর পদ্ধতি সম্পর্কে জানে না।

সোমবার সিলেট নগরের পাঠানটুলাস্থ সানরাইজ কমিউনিটি সেন্টারে যুক্তরাজ্য বিএনপির সভাপতি এমএ মালেক আয়োজিত বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও তারেক রহমানের দীর্ঘায়ু কামনায় দোয় মাহফিল ও আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য তিনি এসব কথা ব‌লেন।

তিনি বলেন, পৃথিবীর ৮০ টা দেশে পিআর পদ্ধতি আছে। এই ৮০ দেশের পিআর পদ্ধতি ৮০ রকম। সুতরাং যারা পিআর নিয়ে কথা বলেন, একটু পিআর নিয়ে পড়াশোনা করেন। পিআর নিয়ে একটু জানবেন, জেনে তারপরে কথা বলবেন। একজন বলে দিল আর আমরা নাচলাম, এটাতো হবে না ভাই। বাংলাদেশে সর্বোচ্চ প্রচলিত প্রক্রিয়ায় আমাদের পূর্বপুরুষরা যেভাবে নির্বাচন করে এসেছেন, সেই নির্বাচন সুষ্ঠু সুন্দর হলে দেশের কোনো কিছুর প্রয়োজন হবে না৷

তিনি আরও বলেন, এই দেশের বর্তমান অবস্থায় এই সরকারের ভেতরে ওই যে আওয়ামীলীগের আমলারা যা করছে, তাতে আমার ধারণা এই সরকার নির্বাচন করতে পারবে না। এবং আমরা এই সকল আমলাদের প্রতিহত করবো। অতঃপর আমরা নির্বাচন আদায় করবো।

বেগম খালেদা জিয়া সম্পর্কে তিনি বলেন, বেগম খালেদা জিয়া যে রোগে আক্রান্ত, এটা স্বাভাবিক বিষয় না। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় শুধুমাত্র হত্যা করার উদ্দেশ্য গ্রেপ্তার করা হয়েছিল। যে মামলায় তাকে দেওয়া হয়েছে, সেটা কোনো মামলা নয়। তিনি কারো টাকা আত্মসাৎ করেন নাই। একটা মিথ্যা মামলায় তাকে জেলের ভেতরে নিয়ে একটা অস্বাস্থ্যকর সেলে রেখে ফুড পয়জনিং করে, স্লো পয়জনিং করে বেগম খালেদা জিয়াকে অসুস্থ করা হয়েছে। এমনকি যখন তাকে চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার প্রয়োজন ছিল, তখন তাকে বিদেশে চিকিৎসা নিতে দেওয়া হয়নাই। এটা ছিল একটা ষড়যন্ত্র। এই ষড়যন্ত্রের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে হরণ করে নেওয়ার চেষ্টা করা হয়েছিল। আমরা ১৭ বছর আন্দোলন করে, রাজপথ প্রকম্পিত করে, এই সরকারকে কাপুনিতে রেখেছিলাম আমরা। অতঃপর একটি শুভ সময়ে এই সরকারের পতন ঘটলো।

মির্জা আব্বাস বলেন, হাসিনা চলে গেছে। কিন্তু হাসিনার দোসররা এখনো দেশ ছাড়ে নাই। তারা কিন্তু ষড়যন্ত্র করছে। সচিবালয় থেকে শুরু করে জেলা-উপজেলা, প্রশাসনের বিভিন্ন স্তরে এখনপর্যন্ত শেখ হাসিনার লোকেরা রয়ে গেছে। যারা এখনো ষড়যন্ত্র করছে। যারা চাচ্ছে না সুষ্ঠু নির্বাচন হোক। এরা চাচ্ছে না আমরা যে এই ১৭ বছর আন্দোলন করেছি, সেই আন্দোলনের ফসল, ভোট। আমরা গণতন্ত্রের জন্য আন্দোলন করেছি, আমরা ভোটের জন্য আন্দোলন করেছি। সেই ভোট এবং গণতন্ত্র এরা ফিরিয়ে দিতে চায় না। একশ্রেণির লোক আছে, ক্ষমতার গদিতে বসে যারা নির্বাচনকে কিভাবে পিছিয়ে, কিভাবে নির্বাচন না দিয়ে অনেকদিন ক্ষমতায় থাকা যায়, সেই চেষ্টা তারা করছে। ইনশাআল্লাহ বাংলাদেশের জনগণ ১৭ বছর আন্দোলন করেছে, দরকার হলে আবারও আন্দোলনে নামবে।

অনুষ্ঠানে আরোও বক্তব্য রাখেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির, হাবিবুর রহমান, তাহসিনা রূশদী লুনা, ডা. এনামুল হক চৌধুরী, মুহিদুর রহমান, ডা. শাখাওয়াত হাসান জীবন, আরিফুল হক চৌধুরী, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক জিকে গউছ, সহ-সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন মিলন ও মিফতাহ সিদ্দিকী, বিএনপির আর্ন্তজাতিক বিষয়ক ব্যরিস্টার এম এ সালাম, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ ক্ষুদ্র ও ঋণ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, সদস্য নিপুন রায়, ডা. শাহরিয়ার হোসেন চৌধুরী, আবুল কাহের চৌধুরী শামীম, মিজানুর রহমান চৌধুরী, অ্যাডভোকেট হাদীয়া চৌধুরী মুন্নী, মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম।

শুরুতে স্বাগত বক্তব্যে রাখেন জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী ও মহানগর বিএনপির সভাপতি (ভারপ্রাপ্ত) রেজাউল হাসান কয়েস লোদী। অনুষ্ঠান পরিচালনা করেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী ও জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমদ সিদ্দিকী।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।