বুধবার , ৭ মে ২০২৫, ৩১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১১:০৩
আজকের সর্বশেষ সবখবর

ভারতের অপারেশন সিঁদুরে নিহত ২৬ জন, জানালো পাকিস্তান

সিলেটের সকাল রিপোর্ট
মে ৭, ২০২৫ ৫:৩৬ অপরাহ্ণ
Link Copied!

কয়েক দিনের তীব্র উত্তেজনার মধ্যে পাকিস্তান ও পাকিস্তান শাসিত কাশ্মীরের বিভিন্ন লক্ষ্যবস্তুতে একযোগে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। পাকিস্তানের সেনাবাহিনী বলছে, ভারতের এই হামলায় এখন পর্যন্ত ২৬ জন নিহত ও ৪৬ জন আহত হয়েছেন।

পাকিস্তানের সামরিক বাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল জেনারেল আহমেদ শরীফ চৌধুরী বলেছেন, পাকিস্তানের সাধারণ নাগরিক ও মসজিদকে হামলার লক্ষ্যবস্তু করেছে ভারত।

ভারতের আঘাত হানা “অপারেশন সিঁদুর” প্রসঙ্গে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বুধবার (৭ মে) তিনি এসব কথা বলেন।

জেনারেল আহমেদ শরীফ চৌধুরী জানিয়েছেন, আহমেদপুর ইস্ট এলাকায় সুবহান আল্লাহ মসজিদে হামলায় ১৩ জন নিহত হয়েছেন।

নিহতদের মধ্যে তিন বছরের দুইটি শিশু, সাতজন নারী ও চারজন পুরুষ রয়েছেন। সেখানে আহত হয়েছেন ৩৭ জন।

এছাড়া মুজাফফারবাদের কাছে বিলাল মসজিদে হামলায় তিনজন নিহত এবং দু’জন আহত হয়েছেন।

কোটলির আব্বাস মসজিদে ১৬ বছর বয়সী একজন কিশোরী ও ১৮ বছর বয়সী এক তরুণ নিহত, এবং দু্ইজন আহত হয়েছেন।

মুরিদকের উম আল-কুরা মসজিদে হামলায় তিনজন নিহত ও একজন আহত হয়েছেন।

শিয়ালকোট ও শাকারগড় এলাকায়ও হামলা করা হয়েছে, কিন্তু সেখানে কেউ হতাহত হননি।

জেনারেল জেনারেল আহমেদ শরীফ চৌধুরী দাবি করেন, পাকিস্তানে ভারতের হামলার জবাবে ভারতের পাঁচটি যুদ্ধবিমান এবং একটি কমব্যাট ড্রোন ভূপাতিত করেছে তারা।

এদিকে, ভারত দাবি করেছে, পহেলগাম হামলা-সহ “সন্ত্রাসবাদে পাকিস্তানের নিরবচ্ছিন্ন প্রশ্রয়ে”র জবাব দিতেই পাকিস্তান ও পাকিস্তান শাসিত কাশ্মীরের বিভিন্ন লক্ষ্যবস্তুতে তারা হামলা চালিয়েছে।

ভারতের একাধিক বিমান ভূপাতিত করা হয়েছে বলে পাকিস্তান যে দাবি করেছে সে ব্যাপারে ভারত কোনো মন্তব্য করেনি। অভিযানে ভারতের কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কি-না, সেটাও কিছু বলা হয়নি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।