শনিবার , ১ এপ্রিল ২০২৩, ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৪:০৯
আজকের সর্বশেষ সবখবর

বিয়ানীবাজারে বাড়ির বিছানা ও মেঝেতে রক্তের ছোপ ছোপ দাগ, কেয়ারটেকার নিখোঁজ

ডেস্ক রিপোর্ট
এপ্রিল ১, ২০২৩ ৪:৫১ অপরাহ্ণ
Link Copied!

সিলেটের বিয়ানীবাজার উপজেলার মাথিউরা ইউনিয়নের পূর্বপাড় এলাকার আব্দুল হেকিমের বাড়ির কেয়ারটেকার নিখোঁজ রয়েছেন। শুক্রবার ভোরে পরিবারের সদস্যরা কেয়ারটেকার তাইতুল ইসলাম নাহিদের ঘরের দরজা খোলা দেখে ভেতরে যান। সেখানে তারা শুধু নাহিদের রক্তে ভেজা বিছানা দেখতে পান। ঘরের মেঝে এবং বারান্দায়ও ছিল ছোপ ছোপ রক্তের দাগ।

গৃহকর্তা তাৎক্ষণিক প্রতিবেশী ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে বিষয়টি জানান। ভোর ৪টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। এ প্রতিবেদন লেখা পর্যন্ত নাহিদের সন্ধান মেলেনি।

খবর পেয়ে পর্যায়ক্রমে সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (জকিগঞ্জ সার্কেল) জাকির হোসাইন, বিয়ানীবাজার থানার ওসি তাজুল ইসলাম এবং বিকেল সাড়ে ৩টার দিকে পিবিআই ও ডিবি পুলিশের পৃথক দল ঘটনাস্থলে এসে আলামত সংগ্রহ করে।

তাইতুল ইসলাম নাহিদ নীলফামারী জেলার কিশোরগঞ্জ থানার বড়ভিটাবাজার এলাকার বাসিন্দা। ২০১৭ সাল থেকে তিনি আব্দুল হেকিমের বাড়িতে কাজ করেন। এ ঘটনায় নাহিদের খুন হওয়া এবং কোনো পশু জবাই করে তার রক্ত বিছানায় ঢেলে তার পালিয়ে যাওয়া– দুটি দিক আমলে নিয়ে তদন্ত শুরু করেছে বিশেষ সংস্থার সদস্যরা।

পরিবারের সদস্য ফুয়াদ আহমদ জানান, আব্দুল হেকিমের বসতঘর থেকে প্রায় ১০০ গজ দূরের পুকুরপাড়ে আধাপাকা ঘরে থাকত নাহিদ। রাত সাড়ে ৩টার দিকে তাকে সেহরি খাওয়ার জন্য মোবাইল ফোনে কল দিলে সেটি বন্ধ পায়। সে বাইরে এসে নাহিদকে ডাক দিলে কোনো সাড়া না পেয়ে তার ঘরে গিয়ে এই অবস্থা দেখতে পায়।।

রক্ত পরীক্ষার ফলাফলের ওপর এ ঘটনার পুরো মোটিভ নির্ভর করছে বলে জানান এক দায়িত্বশীল কর্মকর্তা।

বিয়ানীবাজার থানার ওসি তাইজুল ইসলাম বলেন, ক্রাইম সিনে পাওয়া রক্তের নমুনা ল্যাবে পাঠানো হয়েছে। রক্ত পরীক্ষার ফলাফল পাওয়ার পর জানা যাবে, কেয়ারটেকার নাহিদ খুন হয়েছে কিনা। একই সঙ্গে এ ঘটনার রহস্য উদঘাটন করতে আমরা ভোর থেকে কাজ করছি কিন্তু ক্লু পাওয়া যাচ্ছে না। লাশের সন্ধান পাওয়া যায়নি। পুলিশ বাড়ির চারপাশের এক-দেড় কিলোমিটার এলাকা তল্লাশি করে কিছু পায়নি। অতিরিক্ত পুলিশ সুপার (জকিগঞ্জ সার্কেল) জাকির হোসাইন ঘটনার রহস্য উদঘাটনের চেষ্টা করা হচ্ছে বলে নিশ্চিত করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।