বিয়ের ৩ দিনের মাথায় সিলেটের এক যুবকের ঝুলন্ত লাশ ভারতের অভ্যন্তরে পাওয়া গেছে। বৃহস্পতিবার সকালে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার উৎমা এলাকার ভারতের সীমান্তে তার লাশ দেখতে পান স্থানীয়রা।
নিহত ওই যুবকের নাম জাকারিয়া আহমদ (২৩)। সে উৎমা সীমান্ত এলাকার লামাগ্রামের আলাউদ্দিন আলাইয়ের ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, গত সোমবার জাকারিয়া বিয়ে করেন। পরে বৃহস্পতিবার ভোর সকালে প্রশ্রাব করার কথা বলে ঘর থেকে বের হন। এরপর থেকে তাকে আর পাওয়া যায় নি। স্থানীয় সকল জায়গায় খোঁজাখুঁজি করেও পরিবারের সদস্যরা আর তার খোঁজ পান নি। পরে সকাল ১১ টার দিকে স্থানীয় একজন রাখাল বালক তার পরিবারে খবর দেন যে ভারতের অভ্যন্তরে জাকারিয়ার লাশ একটি গাছের সাথে ঝুলছে। লাশটি কোম্পানীগঞ্জের উৎমা সীমান্তের ১২৫৮ সীমান্ত পিলারের ভারতের অভ্যন্তরে একটি গাছের ডালে ঝুলে রয়েছে। পরে স্থানীয়রা বিজিবি ও পুলিশে খবর দেন। সন্ধ্যা ৬ টা ৫০ মিনিটে এ রিপোর্ট লেখা পর্যন্ত লাশ ভারত সীমান্তে রয়েছে।
বিষয়টি নিশ্চিত করে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজায়ের আল মাহমুদ আদনান জানান, ‘সীমান্তের পিলারের ওপারে এক যুবকের লাশ দেখে স্থানীয়রা আমাদের জানিয়েছেন। এটি যেহেতু ভারত সীমান্তে পড়েছে, তাই কিছু আইনী জটিলতা রয়েছে। পরবর্তী আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন। আমরা খবর পেয়েছি, এখনো ঘটনাস্থলে যাই নি। যার কারণে লাশের অবস্থা সম্পর্কে বলতে পারছি না।
