‘‘দ্বন্দ্বে কোনো আনন্দ নাই, আপস করো ভাই লিগ্যাল এইড আছে পাশে, কোনো চিন্তা নাই’’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেটে সোমবার জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে। জেলা লিগ্যাল এইড কমিটির উদ্যোগে দিনের শুরুতে শান্তির দূত পায়রা উড়িয়ে এবং গ্যাস বেলুন উত্তোলনের মাধ্যমে দিবসের উদ্বোধন করেন সিলেটের ভারপ্রাপ্ত জেলা জজ মাহমুদুল হাসান। পরে নগরীতে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, সিলেট-এর সম্মেলন কক্ষে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত জেলা জজ, সিলেট মাহমুদুল হাসান। সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন-সিলেট জেলা লিগ্যাল এইড অফিসার (সিনিয়র সহকারী জজ) বিশ্বেশ্বর সিংহ। সভায় জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা হতে প্রেরিত আইনগত সহায়তা কার্যক্রম বিষয়ক ডকুমেন্টারি প্রদর্শন করা হয়। আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন-শ্রম আদালতের চেয়ারম্যান (জেলা ও দায়রা জজ) নুরুল আলম মোহাম্মদ নিপু, বিভাগীয় বিশেষ জজ শাহাদৎ হোসেন প্রামাণিক, চীফ জুডিসিয়ল ম্যাজিস্ট্রেট আ ন ম ইলিয়াছ, চীফ মেট্টোপলিট্রন ম্যাজিস্ট্রেট মো. আবু ওবায়দা, মহানগর দায়রা জজ(ভারপ্রাপ্ত) রাজীব কুমার, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) পদ্মাসন সিংহ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মো. রফিকুল ইসলাম, সিভিল সার্জন নাসির উদ্দিন, সিলেটের পাবলিক প্রসিকিউটর আশিক উদ্দিন, জেলা আইনজীবী সমিতির সভাপতি সরওয়ার আহমদ চৌধুরী আবদাল, মহানগর পাবলিক প্রসিকিউটর বদরুল আহমদ চৌধুরী, লিডিং ইউনিভার্সিটির আইন বিভাগের প্রভাষক সাবেরা সুলতানা, প্যানেল আইনজীবী সৈয়দা শিরিন আক্তার এডভোকেট প্রমুখ।
সভাপতির বক্তব্যে জেলা ও দায়রা জজ (ভারপ্রাপ্ত) মাহমুদুল হাসান বলেন, বিচার পাওয়া মানুষের সাংবিধানিক অধিকার। অনেক ক্ষেত্রে অর্থনৈতিক বৈষম্যসহ নানা জটিলতা কারণে সাধারণ মানুষ ন্যায়বিচার থেকে বঞ্চিত হতে পারেন। অসমর্থ মানুষের জন্য ন্যায় বিচার নিশ্চিত করতে হবে।
সকল নাগরিকের আইনের দৃষ্টিতে সমতা নিশ্চিত করার লক্ষ্যে ২০০০ সালে আইনগত সহায়তা প্রদান আইন প্রণয়ন করা হয় উল্লেখ করে তিনি আরো বলেন, আইনগত সহায়তা দেওয়া শুধু পেশাগত দায়িত্ব নয়। ধর্মীয়, মানবিকতা ও নৈতিকতার জায়গা থেকে এটা আমাদের দায়। তিনি এ দায়-দায়িত্ব জেলা প্যানেল আইনজীবীদের যথাযথভাবে পালন করার আহ্বান জানান।
মাহমুদুল হাসান বলেন, জাতীয় পর্যায় থেকে তৃণমূল পর্যায়ে ২০১৩ সাল থেকে ২৮ এপ্রিল জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়ে আসছে। সিলেটের জেলা লিগ্যাল এইড কমিটির পক্ষ থেকে পল্লবী রায় পুরো বাংলাদেশের শ্রেষ্ঠ আইনজীবী নির্বাচিত হওয়ায় জাতীয় আইনগত সহায়তা সংস্থার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে তিনি আরো বলেন, প্যানেল আইনজীবীদের এ ধারাবাহিকতা বজায় রাখতে হবে। তিনি আগামীতে সিলেট লিগ্যাল এইডের কার্যক্রম অন্যান্য জেলাকে ছাড়িয়ে বাংলাদেশের শ্রেষ্ঠ লিগ্যাল এইড কার্যালয়ে পরিণত হওয়ার আশাবাদ ব্যক্ত করেন।
প্রসঙ্গত, ২০২৪ সালের মামলার নিষ্পত্তির হার, সততা, নৈতিকতা, শৃঙ্খলাবোধ ও পেশাগত দক্ষতা ইত্যাদি বিবেচনায় ২০২৪ সালের সেরা প্যানেল আইনজীবী হিসেবে যথাক্রমে অ্যাডভোকেট পল্লবী রায় এবং অ্যাডভোকেট মোঃ রফিক আহমদকে সম্মাননা স্মারক, সনদপত্র এবং প্রাইজবন্ড প্রদান করা হয়েছে।
অনুষ্ঠানে বিজ্ঞ বিচারকবৃন্দ, পুলিশ প্রশাসন, জেলা প্রশাসন, সিভিল সার্জন, কারা কর্তৃপক্ষ, সিলেট জেলা আইনজীবী সমিতির বিজ্ঞ আইনজীবীবৃন্দ, জেলা লিগ্যাল এইড কমিটির বিজ্ঞ প্যানেল আইনজীবীবৃন্দ, স্কাউটস, সিলেট জেলা কমিটির সদস্য, বেসরকারি বিশ^বিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক এবং শিক্ষার্থীবৃন্দ, সাংবাদিক, বেসরকারি সংস্থা (এনজিও) এর সদস্যগণ, বিচারপ্রার্থী জনগণ এবং আদালতের সহায়ক কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
