সিলেটের গোয়াইনঘাটের পর্যটনকেন্দ্র জাফলং পরিদর্শন শেষে ফেরার পথে দুই উপদেষ্টার গাড়িবহর আটকে বিক্ষোভ করার ঘটনায় দায়ের করা মামলায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে সোমবার তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। এর আগে রোববার দিবাগত রাতে তাদেরকে সিলেট ও জাফলং এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- মামলার এজহারনামীয় ৬ নাম্বার আসামী দেলোয়ার হোসেন দুলু ও অজ্ঞাত শাহজাহান ও ফারুক মিয়া। এর মধ্যে দেলোয়ার ও শাহজাহানকে সিলেট ও ফারুককে জাফলং থেকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার তোফায়েল আহমদ জানান, তাদেরকে রোববার রাতে গ্রেপ্তার করে সোমবার আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। গ্রেপ্তারকৃত দেলোয়ার এজহারভুক্ত ও বাকি দুজন ওই ঘটনায় জড়িত ছিল, যেটা ভিডিও ফুটেজ দেখে শনাক্ত করা হয়েছে। বাকিদের ধরতে আমাদের বিভিন্ন টিম মাঠে রয়েছে।
রোববার রাতে সরকারি কাজে বাধাদান, গাড়ি আটক ও অবরোধের অভিযোগে গোয়াইনঘাট থানার উপপরিদর্শক (এসআই) ওবায়েদ উল্লাহ বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় ৯ জনের নাম উল্লেখ করে ১০০-১৫০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
এর আগে, গত শনিবার সকালে জাফলং এলাকা পরিদর্শনে যান পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদবিষয়ক উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। ফেরার পথে গোয়াইনঘাটের বল্লাঘাট এলাকায় তাঁদের গাড়িবহর আটকে দেন বালু-পাথর ব্যবসায়ী ও শ্রমিকেরা। তাঁরা বন্ধ থাকা জাফলংসহ সিলেটের পাথর কোয়ারিগুলো চালুর দাবিতে স্লোগান দেন।
