সিলেটের তামাবিল সীমান্ত দিয়ে ভারতে গমনের সময় এক ইউপি চেয়ারম্যান আটক হয়েছেন। আজ শুক্রবার (১ নভেম্বর) সকালে তামাবিল সীমান্তে ইন্টিগ্রেটেড চেক পোস্ট (আইসিপি) দিয়ে ভারতে গমনের সময় তাকে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আটককৃত মো. নোমান হোসেন (৩৮) হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ৩ নং এনায়েতগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও লালাপুর গ্রামের হাজী হেলিম উদ্দিনের ছেলে।
বিজিবি জানায়, শুক্রবার সকালে তামাবিল সীমান্তে ইন্টিগ্রেটেড চেক পোস্ট (আইসিপি) দিয়ে ভারতে গমনের সময় সেখানে কর্মরত বিজিবি সদস্যরা সন্দেহজনকভাবে মো. নোমান হোসেনকে আটক করে। পুলিশের নিকট থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী তার বিরুদ্ধে জগন্নাথপুর থানায় একটি মামলা রয়েছে। উক্ত মামলায় বর্তমানে তিনি জামিনে রয়েছেন। পুলিশের নিকট থেকে জানা যায় জামিনে থাকা আসামি বিদেশে গমন করতে পারবেন না। সেই প্রেক্ষিতে আটককৃত ব্যক্তিকে গোয়াইনঘাট থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান জানান, ঊর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী দেশের সীমান্ত সুরক্ষা, চোরাচালন প্রতিরোধ, অবৈধ অনুপ্রবেশ এবং অবৈধ বহির্গমন প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ সর্তকতা অবলম্বন করছে এবং প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। তারই ধারাবাহিতকায় ওই চেয়ারম্যানকে আটক করা হয়েছে।
এবিষয়ে গোয়াইনঘাট থানার ডিউটি অফিসার মোহাম্মদ মোবারক হোসাইন জানান, উনাকে বিজিবি থানায় নিয়ে এসেছে। তবে কি জন্য নিয়ে এসেছে সেটা আমরা জানি না। ওসি স্যার আসলে ব্যবস্থা গ্রহণ করা হবে।
