শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) জুলাই-আগস্ট মাসে শহীদ হওয়া সকল বীর শহীদের স্মরণে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেছে শাবিপ্রবি শাখা ছাত্রদল।
শুক্রবার (৪ জুলাই) বাদ জুম্মা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে এ মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
মিলাদ মাহফিলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরী, উপ-উপাচার্য অধ্যাপক ড মো সাজেদুল করিম, বিভিন্ন অনুষদের শিক্ষক, প্রশাসনিক কর্মকর্তা, কর্মচারী এবং ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের অংশগ্রহণও ছিল লক্ষ্যণীয়। শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন কেন্দ্রীয় মসজিদের খতিব।
এ বিষয়ে শাবিপ্রবি ছাত্রদলের সভাপতি রাহাত জামান বলেন, “জুলাই বিপ্লবে যারা শহীদ হয়েছেন, তারা এ দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য আত্মত্যাগ করেছেন। তাদের এই রক্তের ঋণ জাতি কখনো ভুলবে না। আর যারা আহত হয়ে এখনো হাসপাতালে শুয়ে আছেন, আমরা তাদের সুস্থতা কামনা করি। আমরা বৈষম্যহীন ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার সংগ্রাম চালিয়ে যাব এবং বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকার ছিল এদেশের ছাত্র জনতার। তাদের রক্ত যেন বৃথা যেতে না পারে, সে জন্যে বৈষম্যহীন বাংলাদেশ গড়ার লক্ষ্যে সবাই একসাথে কাজ করে যেতে হবে।’
