ছয় দফা দাবিতে সারাদেশের মতো সিলেটেও সমাবেশ করেছেন সিলেট পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। রোববার দুপুরে সিলেট নগরের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের আওতাভুক্ত শিক্ষার্থীদের জোট কারিগরি ছাত্র আন্দোলনের ব্যানারে এই সমাবেশ করেন তারা।
এর আগে সিলেট পলিটেকনিক ইনস্টিটিউট থেকে মিছিল সহকারে কেন্দ্রীয় শহীদ মিনারে এসে জড়ো হন শিক্ষার্থীরা। এসময় প্ল্যাকার্ড হাতে নানা স্লোগান দেয় তারা। পরে শহীদ মিনারের সামনে সমাবেশ করেন শিক্ষার্থীরা। এতে অন্তত ৫ শতাধিক শিক্ষার্থী অংশ নেন।
সিলেট পলিটেকনিক ইনস্টিটিউটের ইলেকট্রিক্যাল বিভাগের ৫ম পর্বের শিক্ষার্থী নাহিম মিয়া বলেন, আমরা যদি উন্নত দেশের দিকে থাকাই, তাহলে দেখতে পাই তারা কারিগরি সেক্টরকে গুরুত্ব দিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। আর আমাদের দেশে অবৈধ ত্রাুফট নিয়োগ তারপর আবার পদোন্নতি দিয়ে তাদের জুনিয়র ইনসট্রাক্টর করে মামা থেকে মাস্টার বানিয়ে কারিগরি সেক্টর ধ্বংস করা হচ্ছে। তাই আমাদের ৬ দফা দাবি আদায় না হলে আন্দোলন চলছে, আগামীতে আরও কঠোর কর্মসূচি আসবে।
এর আগে গত শুক্রবার বিকেলে কাফনের কাপড় মাথায় বেঁধে মিছিল করেন সিলেট পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।
