সিলেটের গোয়াইনঘাটে গভীর রাতে বসতঘরে ঢুকে এক কিশোরীকে (১৪) জোরপূর্বক তুলে নেওয়ার সময় ছুরিকাঘাতে বৃদ্ধা হত্যার ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (১৭ মে) ভোরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেছে গোয়াইনঘাট থানা পুলিশ।
গ্রেফতার হারুন নয়াগ্রাম বীরমঙ্গল গ্রামের তাজ উদ্দিনের ছেলে। এর আগে এ ঘটনায় শনিবার রাতে নিহতের পুত্রবধূ সাজনা বেগম বাদি হয়ে থানায় হত্যা মামলা করেন। গ্রেফতার হারুন মামলার এজহার নামীয় আসামী।
শুক্রবার (১৫ মে) রাত ৩টার দিকে উপজেলার রুস্তমপুর ইউনিয়নের বীরমঙ্গল হাওর গ্রামে এক কিশোরীকে জোরপূর্বক ঘর থেকে তুলে নেওয়ার সময় বাধা দিলে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত বৃদ্ধা দিলারা বেগম (৫৪) ওই গ্রামের মৃত মাহমুদ হোসেনের স্ত্রী। এ ঘটনায় ভুক্তভোগী কিশোরী ও তার মা আহত হয়েছেন।
গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, নিহতের পুত্রবধূ সাজনা বেগম বাদি হয়ে শনিবার রাতে হত্যা মামলা দায়ের করেছেন। পরে পুলিশ অভিযান চালিয়ে মামলার এজহারভূক্ত এক নম্বর আসামীকে গ্রেপ্তার করেছে। অপর আসামীদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত আছে।
