সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় ১৫০ বোতল ফেনসিডিলসহ মো. বোরহান উদ্দিন (৩২) নামে এক যুবককে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-৯। রোববার এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন র্যাব-৯ এর সহকারী পুলিশ সুপার মো. মশিহুর রহমান সোহেল।
আটককৃত মো. বোরহান উদ্দিন কোম্পানীগঞ্জ উপজেলার সুন্দাউরা গ্রামের নিজাম উদ্দিনের ছেলে ।
র্যাব-৯ জানায়, শনিবার রাতে সিলেটের এয়ারপোর্ট থানাধীন ধোপাগুল বাজার এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ১৫০ বোতল ফেনসিডিল সহ বোরহানকে আটক করা হয়। এসময় মাদক বহনের কাজে ব্যবহৃত তার সাথে থাকা একটি সিএনজিচালিত অটোরিকশা জব্দ করা হয়েছে।
মো. মশিহুর রহমান সোহেল জানান, পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে ওই ব্যক্তি ও জব্দকৃত আলামত সিলেট জেলার সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র্যাব-৯, সিলেট এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে।
