সিলেটের কোম্পানীগঞ্জে রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাক্টরের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেলের ৩ আরোহী গুরুতর আহত হয়েছেন। আজ রোববার (৩১ ডিসেম্বর) সন্ধ্যা ৭ টার দিকে কোম্পানীগঞ্জ উপজেলার বঙ্গবন্ধু হাইটেক পার্কের সামনের মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন- কোম্পানীগঞ্জ উপজেলার গৌরি নগর গ্রামের মৃত কলমদর আলীর ছেলে আব্দুর রহিম (৪০), আব্দুর রহিমের ছেলে আরিফ (১৮), ওয়ারিস আলীর ছেলে তোফাজ্জল (২০)। আহতদের মধ্যে আব্দুর রহিমের অবস্থা গুরতর। তারা তিনজনই একই পরিবারের।
জানা যায়, রাস্তায় ট্রাক্টর দাঁড়ানো অবস্থায় ছিল। ট্রাক্টরের পিছনে কোন সিগনাল লাইট না থাকায় অন্ধকারে মোটরসাইকেল ট্রাক্টরের সাথে সজোরে ধাক্কা লেগে দুর্ঘটনাটি ঘটে। এতে ওই তিনজন মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা উদ্ধার করে তাদেরকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম দস্তগীর আহমদ। তিনি ডেইলি সিলেটের সকালকে বলেন, খবর পাওয়া মাত্র কোম্পানীগঞ্জ থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে যায়। আহতদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ট্রাক্টর ও মোটরসাইকেল আমাদের হেফাজতে রয়েছে।
