বৃহস্পতিবার , ৯ মে ২০২৪, ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, বিকাল ৩:২৮
আজকের সর্বশেষ সবখবর

কোম্পানীগঞ্জে বিজিবি-মাদক কারবারির সংঘর্ষ: আহত-৪

ফখর উদ্দিন
মে ৯, ২০২৪ ৭:৩৭ অপরাহ্ণ
Link Copied!

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সঙ্গে মাদক কারবারিদের সংঘর্ষে ৪ বিজিবি সদস্য আহত হয়েছেন। মঙ্গলবার দিবাগত রাত ২টা ২৫ মিনিটে উপজেলার পূর্ব ইসলামপুর ইউনিয়নের বালুচর এলাকায় বিজিবি সদস্যরা মাদক উদ্ধারে গেলে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় বিজিবি বাদী হয়ে কোম্পানীগঞ্জ থানায় ৬ জনের নামোল্লেখ করে ও ১৯/২০ জনকে অজ্ঞাত আসামী করে একটি মামলা দায়ের করেছে।

এ ঘটনায় আহতরা হলেন- বিজিবি কালাইরাগ ক্যাম্পের নায়েব সুবেদার মো. মোফাজ্জল হোসেন, নায়েক আঙ্গুর মিয়া, সিপাহী রুবেল মিয়া ও সিপাহী মো. আবুল কালাম। আবুল কালামকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে চিকিৎসা দেওয়া হচ্ছে। বাকিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন বলে মামলায় উল্লেখ করেন।

বুধবার রাতে কোম্পানীগঞ্জ থানায় ৪৮/সি কোম্পানী, কালাইরাগ বিওপি, নায়েব সুবেদার মোহাম্মদ মোফাজ্জল হোসেন বাদী হয়ে ৬ জনের নাম উল্লেখ ও ১৯/২০ জনকে অজ্ঞাত আসামী করে একটি মামলা দায়ের করেন।

মামলা সূত্রে জানা যায়, ওই রাতে উপজেলার পূর্ব ইসলামপুর ইউনিয়নের বালুচর এলাকায় বিজিবি সদস্যরা মাদক উদ্ধারে গেলে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় মাদক কারবারিদের কাছ থেকে ভারতীয় ৫ শ’ ৭২ বোতল অফিসার চয়েজ মদ ও ৯৬ বোতল এসি ব্লাক মদ আটক করা হয়। যার বাজার মূল্য ১০ লক্ষ ৫ হাজার টাকা। মাদক উদ্ধারের সময় বিজিবির ওপর হামলা করে মাদক কারবারিরা।

মামলার আসামীরা হলেন- কোম্পানীগঞ্জ গ্রামের মৃত বাদাই মিয়ার ছেলে মো. রহমত আলী (৩২), পুটামারা গ্রামের মৃত আসলাম মিয়ার ছেলে আব্বাস আলী (৩৮), বরমসিদ্ধিপুর গ্রামের মৃত মজিদুল হকের ছেলে সাজিদুল ইসলাম (২৬), কালাইরাগ গ্রামের ইসলাম উদ্দিন ওরফে ইসাইর ছেলে হোসাইন (২৫) ও মো. মনির হোসেন (৩০), নাজিরগাওঁ গ্রামের মো ফয়জুল (২২)।

কালাইরাগ বিজিবি ক্যাম্প কমান্ডার মোবাইল ফোনে জানান, এ গুলো লোকাল ভাবে আমরা কিছুই বলি না। আপনার কিছু জানার থাকলে আমাদের ব্যাটালিয়নে থেকেই জেনে নিন প্লিজ।

বিষয়টি নিশ্চিত করে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দস্তগীর আহমেদ জানান, তারা বুধবার রাতে মামলা করেছেন। এখনও পর্যন্ত কেউ আটক করা হয়নি। আসামীদের গ্রেপ্তারে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।