বুধবার , ৯ সেপ্টেম্বর ২০২৬, ২৬শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১২:৪৮
আজকের সর্বশেষ সবখবর

কোম্পানীগঞ্জে ট্রাক-মোটরসাইকেলের সংঘর্ষে যুবক নিহত

সিলেটের সকাল রিপোর্ট ::
সেপ্টেম্বর ৯, ২০২৬ ১১:১০ অপরাহ্ণ
Link Copied!

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার টুকেরবাজার এলাকায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও এক যুবক গুরুতর আহত হয়ে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

বুধবার (৯ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত রাসেল মিয়া (৩০) উপজেলার ডাকঘর গ্রামের জমির আলীর ছেলে। আহত আল-আমিন নোয়াগাঙ্গের পাড় গ্রামের তৈয়বুর রহমানের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার রাত আনুমানিক ৮টার দিকে ভোলাগঞ্জগামী একটি দ্রুতগতির ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই রাসেল মিয়ার মৃত্যু হয়।

পরে স্থানীয় লোকজন আহত আল-আমিনকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। তাঁর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

কোম্পানীগঞ্জ থানার ওসি উছমান গণি বলেন, ‘ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে ৩০ বছর বয়সী এক যুবক মারা গেছেন। এ ঘটনায় আরেক যুবক গুরতর আহত অবস্থায় ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন আছেন। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।