শনিবার , ২৮ ডিসেম্বর ২০২৪, ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ২:০৩
আজকের সর্বশেষ সবখবর

কাল সিলেটে নিয়ে আসা হচ্ছে হারিস চৌধুরীর লাশ

সিলেটের সকাল রিপোর্ট
ডিসেম্বর ২৮, ২০২৪ ৬:২৫ অপরাহ্ণ
Link Copied!

# নিজ হাতে প্রতিষ্ঠিত এতিমখানা প্রাঙ্গনে দাফন করা হবে
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক সচিব, বীর মুক্তিযোদ্ধা হারিস চৌধুরীর লাশ রোববার সিলেটে নিয়ে আসা হচ্ছে। আজ শুক্রবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যায় বিষয়টি সোনালী নিউজকে নিশ্চিত করেছেন হারিস চৌধুরীর কন্যা ব্যারিস্টার সামিরা তানজিন চৌধুরী।
জানা যায়, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গ থেকে এয়ার অ্যাম্বুলেন্সযোগে প্রয়াত হারিস চৌধুরীর লাশ রোববার সিলেটে নিয়ে আসা হবে। পরে সেখানে জানাজা/দোয়া শেষে কানাইঘাটে নিয়ে তাঁর প্রতিষ্ঠিত ‘শফিকুল হক চৌধুরী মেমোরিয়াল এতিমখানা’র আঙ্গিনায় নির্ধারিত স্থানে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে।
ব্যারিস্টার সামিরা তানজিন চৌধুরী জানান, বাবার লাশ ঢাকা থেকে এয়ার অ্যাম্বুলেন্সযোগে রোববার বেলা ২টায় ঐতিহাসিক শাহী ঈদগাহ ময়দানে নিয়ে আসা হবে। সেখানে জানাজা না দোয়া হবে, সেটা হুজুর ঠিক করবেন। পরে লাশ কানাইঘাট উপজেলার সড়কের বাজারের দাদু বাড়িতে নিয়ে আসা হবে।
এর আগে গত শুক্রবার (২০ ডিসেম্বর) দুপুরে হারিছ চৌধুরীর মেয়ে ব্যারিষ্টার সামিরা তানজিন চৌধুরী সহ আত্মীয়-স্বজনদের উপস্থিতিতে ও সিদ্ধান্তক্রমে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা নাজরিনের উপস্থিতিতে হারিছ চৌধুরীর পিতা শফিকুল হক চৌধুরীর নামানুসারে করা শফিকুল হক চৌধুরী মেমোরিয়াল এতিমখানা প্রাঙ্গনে তাঁর মরদেহ পুনরায় দাফন করার সিন্ধান্ত নেয়া হয়। হারিছ চৌধুরীর লাশ তার ইচ্ছানুযায়ী নিজ হাতে প্রতিষ্ঠিত শফিকুল হক চৌধুরী মেমোরিয়াল এতিমখানা প্রাঙ্গনে দাফন করা হবে এবং সেদিন কবরের জায়গার স্থান চিহ্নিত করা হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ২০২১ সালের ৩ সেপ্টেম্বর হারিস চৌধুরী মৃত্যুবরণ করলে ওই সময় আওয়ামী লীগ সরকারের রোষানল ও নির্যাতন থেকে রক্ষা পেতে তার পরিচয় গোপন করে অধ্যাপক মাহমুদুর রহমান নামে সাভারের বিরুলিয়ায় জামিয়া খাতামুন্নাবিয়্যিন মাদ্রাসা প্রাঙ্গণে তাকে দাফন করা হয়। পরবর্তীতে কন্যা সামিরার এক রিটের প্রেক্ষিতে হাইকোর্টের নির্দেশে সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপস্থিতিতে লাশ উত্তোলন করা হয়। কবর থেকে লাশ তোলার পর ডিএনএ পরীক্ষার জন্য সিআইডি নমুনা সংগ্রহ করে এবং লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়। পরবর্তীতে ডিএনএ টেস্টে লাশটি হারিস চৌধুরীর নিশ্চিত হওয়ার পর পরিবারের পক্ষ থেকে তার লাশ সিলেটে দাফন করার ব্যবস্থা নেওয়া হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।