বুধবার , ২৬ মার্চ ২০২৫, ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৮:২৪
আজকের সর্বশেষ সবখবর

কাইয়ুম চৌধুরী শাবিপ্রবির সিন্ডিকেট সদস্য মনোনীত

ডেস্ক রিপোর্ট
মার্চ ২৬, ২০২৫ ১:৪২ পূর্বাহ্ণ
Link Copied!

সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য মনোনীত হয়েছেন। গত সোমবার রাষ্ট্রপতি ও দেশের বিশ্ববিদ্যালয়সমূহের চ্যান্সেলর তাকে এ পদের জন্য মনোনীত করেন।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার সিনিয়র সহকারী সচিব এ এস এম কাশেম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়, ‘মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে শাবিপ্রবি আইন, ১৯৮৭ এর ধারা ২৪(১) (ক) এবং ১৮ (২) অনুযায়ী কাইয়ুম চৌধুরীকে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হিসেবে দুই বছরের জন্য মনোনয়ন প্রদান করা হয়েছে।’
জেলা বিএনপির সভাপতি ছাড়াও কাইয়ুম চৌধুরী বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক ও অডিট কমিটির চেয়ারম্যান, জালালাবাদ অ্যাসোসিয়েশন ঢাকার সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।
বিশিষ্ট শিক্ষানুরাগী শাবিপ্রবি সিন্ডিকেট সদস্য মনোনীত হওয়ায় পেশাজীবী, শিক্ষানুরাগী ও সমাজের বিভিন্ন স্তরের মানুষের পক্ষ থেকে তাকে স্বাগত জানানো হয়েছে।
এক প্রতিক্রিয়ায় কাইয়ুম চৌধুরী তাকে শাবির সিন্ডিকেট সদস্য মনোনীত করায় মহান আল্লাহর শুকরিয়া আদায় করেন। দেশের অন্যতম এ উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে তিনি নিজের কর্ম অভিজ্ঞতা ও দক্ষতা কাজে লাগাতে সক্ষম হবেন। অর্পিত দায়িত্ব পালনে তিনি সবার সহযোগিতা কামনা করেন।
কাইয়ুম চৌধুরী ছাড়াও বাংলাদেশ এনার্জি এন্ড পাওয়ার রিসার্চ কাউন্সিলের (বিইপিআরসি) সদস্য ড. মো: রফিকুল ইসলামকে রাষ্ট্রপতি মনোনীত শাবির সিন্ডিকেট সদস্য করা হয়েছে।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।