সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) কমিশনার আবদুল কুদ্দুস চৌধুরীকে বদলি করেছে সরকার। তাকে চট্টগ্রাম রেঞ্জে ডিআইজি হিসেবে পদায়ন করা হয়েছে। একই সঙ্গে পুলিশ অধিদপ্তরের ডিআইজি সারোয়ার মুর্শেদ শামীমকে সিলেট মেট্রোপলিটন পুলিশের নতুন কমিশনার (ডিআইজি) হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২১ জুলাই) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখার উপসচিব তৌহিফ আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবদুল কুদ্দুস চৌধুরীকে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি হিসেবে বদলি করা হয়েছে। একই আদেশে ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মো. আতাউল কিবরিয়াকে সিআইডির ডিআইজি, খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার (ডিআইজি) মোহাম্মদ জাহিদুল হাসানকে ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি এবং পুলিশ অধিদপ্তরের ডিআইজি সারোয়ার মুর্শেদ শামীমকে সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার (ডিআইজি) হিসেবে পদায়ন করা হয়েছে।
এছাড়া প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গত ২৮ জুন ২০২৬ তারিখে জারি করা একটি পূর্ববর্তী প্রজ্ঞাপনের ক্রমিক-৬ অনুযায়ী ঢাকা সিআইডির ডিআইজি মিয়া মাসুদ করিমকে ডিআইজি (এএফডিএন) কার্যালয়, এপিবিএনে বদলির আদেশ বাতিল করা হয়েছে।
জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।
