সিলেটের ঐতিহ্যবাহী এমসি কলেজে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ভর্তিকৃত একাদশ শ্রেণির শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে কলেজ অডিটোরিয়ামে সমবেত কণ্ঠে জাতীয় সংগীত গাওয়ার মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়।
এমসি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী শাহরিয়ার আহমেদ নাঈফ ও সাবিহা মাহবুব টুসির যৌথ সঞ্চালনায় সভাপতিত্ব করেন অধ্যক্ষ প্রফেসর আবুল আনাম মো. রিয়াজ। তিনি বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা অর্জনে নিয়মিত শ্রেণিকক্ষে পাঠদানে অংশগ্রহণ করতে হবে। একাডেমিক শিক্ষার পাশাপাশি কলেজে সহ-শিক্ষা কার্যক্রম বিতর্ক, কবিতা আবৃত্তি, নাটক-গান সংশ্লিষ্ট সাংস্কৃতিক সংগঠন গুলোর সাথে যুক্ত হয়ে নিজেদের পরিপূর্ণ মেধা বিকাশ করলেই শিক্ষার সুফল পাওয়া যাবে। মাধ্যমিক ও উচ্চশিক্ষার সংযোগ স্থাপনকারী উচ্চমাধ্যমিক স্তর সফলতার সাথে অতিক্রম করার জন্য সবার প্রতি শুভকামনাও জানান তিনি।

শিক্ষার্থীদের সাথে কলেজের শিক্ষকগণ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উচ্চমাধ্যমিক ভর্তি কমিটির আহ্বায়ক প্রবীর রায়।
এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন রসায়নবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর তোফায়েল আহম্মদ, বাংলা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর পান্না বসু, শিক্ষক পরিষদ সম্পাদক মো. তৌফিক এজদানী চৌধুরী।
আরও বক্তব্য রাখেন সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজের ডা. বিজয় পদ গোপ, এমসি কলেজ ছাত্রলীগ নেতা দিলওয়ার হোসেন রাহী ও হাবিবুল ইসলাম হাবিব।
শিক্ষার্থীদের পক্ষ থেকে স্বাগত বক্তব্য রাখেন দ্বাদশ শ্রেণির মহসিন মালিক ও মোহনা এবং নবাগত শিক্ষার্থী শ্রেয়া রায় তুলি।
নবাগত শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা জানিয়ে ও মিষ্টিমুখ করে বরণ করে নেওয়া হয়। এক মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
