অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারত থেকে বাংলাদেশে প্রবেশকালে ৫ বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার সিলেটের জৈন্তাপুর উপজেলার শ্রীপুর এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন- সুনামগঞ্জের দোয়ারাবাজারের পান্ডার গাঁওয়ের মৃত আব্দুল জব্বারের ছেলে মো. মনির হোসেন (২৬), একই এলাকার গিরিস নগরের কাজীলক মিয়ার ছেলে মো. সবুজ মিয়া (২৮), লুল্লারচরের নুর হোসেনের ছেলে মো. হেকিম আলী (৪৭), ব্রক্ষণগাঁওয়ের মো. আব্দুল মান্নানের ছেলে মো. উজ্জল হোসেন (১৮ ও শাল্লা উপজেলার মারকুলি গ্রামের আহমদ আলীর ছেলে মো. সালেক নুর (৩৯)।
বিজিবি জানায়, শনিবার বিকেলে বাংলাদেশী নাগরিক ভারত থেকে বাংলাদেশে আসার সময় সীমান্ত পিলার ১২৭৯/এমপি এর নিকট স্থানীয় জনগণের সহায়তায় বিজিবি আটক করে। তাদের মধ্যে ২ জনের কাছে বাংলাদেশী এবং ভারতীয় আইডি কার্ড দুইটাই আছে। জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা সকলেই সুনামগঞ্জ জেলার অধিবাসী। কিছুদিন আগে কাজের উদ্দেশ্যে ভারতে গমন করেছিল এবং শনিবার ভারত থেকে বাংলাদেশে ফেরত আসার সময় আটক হয়।
বিষয়টি নিশ্চিত করে সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান বলেন, আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার লক্ষ্য পুলিশের নিকট হস্তান্তর করা হবে।
