সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় অবৈধভাবে পাথরের ব্যবসা ঠেকাতে অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে ১৭টি পাথর ভাঙার মিল অচল করে দেওয়া হয়। পাশাপাশি ১০টির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
সোমবার সকাল ১১ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের সিনিয়র সহকারী সচিব ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হাছিবুর রহমানের নেতৃত্বে উপজেলার কলাবাড়ি ও ধলাই সেতু এলাকায় এই অভিযান পরিচালিত হয়।
অভিযানে বিএমডির প্রসিকিউশন অফিসার, উপজেলা ও ভূমি অফিসের কর্মচারী, পুলিশ, বিজিবি, র্যাব ও আনসার সদস্যরা ছিলেন। অভিযানে ১৭টি পাথর ভাঙার মিল অচল, ১০টির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার পাশাপাশি অবৈধভাবে নদী থেকে উত্তোলন করা ১ লাখ ৪০ হাজার ঘনফুট পাথর জব্দ করা হয়।
বিষয়টি নিশ্চিত করে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হাছিবুর রহমান জানান, আজ আমরা অভিযানের পাশাপাশি আমরা এনাউন্স করে আসছি পর্যটন এলাকা থাকার কারণে ও পাথর উত্তোলন বন্ধ থাকার কারণে আর এগুলো ঠিক করা যাবে না। আমাদের অভিযান পর্যায়ক্রমে নিয়মিত চলবে।
