সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে আরও নতুন তিনজন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। আজ পর্যন্ত মোট ১১ জন ফরম কিনেছেন বলে জানা গেছে।
নতুন মনোয়ন ফরম কেনা ৩জন হচ্ছেন মো. শাহজাহান মিয়া, মোশতাক আহমেদ রউফ মোস্তফা ও মো. জহিরুল আলম।
গত ২৭ এপ্রিল থেকে সিলেট আঞ্চলিক নির্বাচন কার্যালয়ের রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করছেন প্রার্থীরা।
সিলেট আঞ্চলিক নির্বাচন কার্যালয়ের মিডিয়া সেল (সিটি নির্বাচন) কর্মকর্তা সৈয়দ কামাল হোসেন আজ রোববার (২১ মে) বিকেলে জানান- এ পর্যন্ত মেয়র পদে মনোনয়ন কেনা ১১ জনের মধ্যে দলীয় প্রতীকের প্রার্থী হলেন- মো. আনোয়ারুজ্জামান চৌধুরী (নৌকা), নজরুল ইসলাম বাবুল (লাঙ্গল), হাফিজ মাওলানা মাহমুদুুল হাসান (হাতপাখা) ও মো. জহিরুল আলম (জাকের পার্টি)।
আর স্বতন্ত্র হিসেবে মোহাম্মদ আবদুল হানিফ কুটু, মোহাম্মদ আব্দুল মান্নান খান, সামছুন নুর তালুকদার, মো. ছালাহ উদ্দিন রিমন, মাওলানা জাহিদ উদ্দিন চৌধুরী, মো. শাহজাহান মিয়া ও মোশতাক আহমেদ রউফ মোস্তফা কিনেছেন মনোনয়ন।
উল্লেখ্য, আগামী ২১ জুন সিলেট সিটি করপোরেশন নির্বাচন ইভিএমে হবে। মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২৩ মে। মনোনয়নপত্র বাছাই হবে ২৫ মে। আর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ১ জুন।
