সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ এনেছেন জাতীয় পার্টি মনোনীত প্রার্থী নজরুল ইসলাম বাবুল। সিলেট নির্বাচন অফিসের কর্মকর্তাদের বিরুদ্ধেও তিনি পক্ষপাতমূলক আচরণের অভিযোগ এনেছেন।
বুধবার (২৪ মে) সিলেট মহানগর জাতীয় পার্টির সদস্য সচিব আব্দুস শহিদ লস্কর বশিরের স্বাক্ষরে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জাতীয় পার্টি মনোনীত মেয়র প্রার্থীম কেন্দ্রীয় জাপার সদস্য, সিলেট মহানগর শাখার আহ্বায়ক নজরুল ইসলাম বাবুল বলেন, গত ২৩ মে নৌকা প্রতীকের প্রার্থীর মনোনয়নপত্র দাখিলকালে উপস্থিত আওয়ামী লীগের শীর্ষ নেতৃবৃন্দসহ কয়েক শত নেতাকর্মী শোডাউন করে নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করে নির্বাচন কমিশন কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করেন। এ ব্যাপারে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, সে দৃশ্যের চিত্র জাতীয়, স্থানীয় পত্র পত্রিকা ও ইলেক্ট্রটনিক মিডিয়ায় প্রকাশিত ও প্রচারিত হয়েছে। এতে প্রমাণিত হচ্ছে যে সিলেট আঞ্চলিক নির্বাচন কমিশন কার্যালয় নিরপেক্ষ নয়। তাই আমি জাতীয় পার্টির প্রার্থী হিসেবে আমার মনে হচ্ছে নির্বাচন সুষ্ঠ হবে না। নির্বাচনকে কেন্দ্র করে নৌকার প্রার্থীর আচরণবিধি লংঘনে আমি শংকিত।
সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি আশংকা প্রকাশ করে বলেন, ‘এহেন অবস্থায় আমার ধারণা নির্বাচনকালীন সময় এবং নির্বাচনের দিন পর্যন্ত নির্বাচন কমিশন সরকার দলীয় প্রার্থীর সম্পূর্ণ নিয়ন্ত্রনে থাকবে। এরুপ চলতে থাকলে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে আমি কোনো কঠিন সিদ্ধান্ত গ্রহণে বাধ্য হলে শুধু সিলেট নয় জাতীয়ভাবে এর প্রতিক্রিয়া সৃষ্টি হবে। এজন্য সিলেট আঞ্চলিক নির্বাচন কমিশন সম্পূর্ণভাবে দায়ী থাকবে। আমি আবারও নির্বাচনী পরিবেশ সুষ্ঠু ও নিরপেক্ষ রাখার জন্য সিলেট নির্বাচন অফিসের প্রতি জোর দাবী জানাচ্ছি।’-বিজ্ঞপ্তি।
