রবিবার , ১৬ জুলাই ২০২৩, ১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১০:৫৫
আজকের সর্বশেষ সবখবর

সিলেটে বাইক আরোহীর ধাক্কায় পুলিশ সদস্য নিহত

সিলেটের সকাল রিপোর্ট
জুলাই ১৬, ২০২৩ ১০:৫৪ পূর্বাহ্ণ
Link Copied!

সিলেটে চেকপোস্টে দায়িত্ব পালন করতে গিয়ে দুর্ঘটনায় ফয়সল মাহমুদ (২৭) নামে এক পুলিশ কনস্টেবলের মৃত্যু হয়েছে। আজ রোববার দুপুর সাড়ে ১২টায় দক্ষিণ সুরমার মোগালাবাজার থানাধীন পারাইরচকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় বাইক আরোহী দুই কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ।

নিহত ফয়সল মাহমুদের বাড়ি সিলেটের জকিগঞ্জ উপজেলার বারগাত্তা গ্রামে। তিনি সম্প্রতি সকল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে পুলিশের চাকরিতে নিয়োগ পেয়েছিলেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রোববার সকাল থেকে সিলেটের মোগালাবাজার থানাধীন সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়কের পারাইরচকে চেকপোস্ট বসিয়ে সব ধরনের গাড়ির কাগজপত্র যাচাই করছিলো পুলিশ। দুপুর সাড়ে ১২টার দিকে ফেঞ্চুগঞ্জ থেকে সিলেট শহরের দিকে আসা দুই আরোহী বিশিষ্ট একটি মোটরসাইকেলকে এই চেকপোস্টে থামার সিগন্যাল দেওয়া হয়। কিন্তু মোটরসাইকেলটি পুলিশের থামার সিগন্যাল অমান্য করে বেপরোয়া গতিতে চেকপোস্ট পার হয়ে যায়। এসময় সেখানে দায়িত্বরত পুলিশ কনস্টেবল ফয়সল মাহমুদ দৌঁড়ে গিয়ে গাড়িটি থামাতে গেলে তাকে ধাক্কা দিয়ে দুই মোটরসাইকেল আরোহী চলে যান। এসময় ফয়সল গুরুতর আহত হন।

তাকে অন্য পুলিশরা উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে অবস্থা সংকটাপন্ন হওয়ায় ফয়সলকে দ্রুত আইসিইউতে ভর্তি করা হয়। কিন্তু কিছুক্ষণ পরই তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।

ফয়সলকে ধাক্কা দেওয়া দুই মোটরসাইকেল আরোহী হচ্ছেন- সিলেটের গোলাপগঞ্জ উপজেলার রাম্পা গ্রামের মাহজাব উদ্দিনের ছেলে মাহবুবুর রহমান (১৭) ও একই উপজেলার কোনাচর গ্রামের মিসবাহ উদ্দিনের ছেলে সামি (১৭)। তাদেরকে অভিযান চালিয়ে পুলিশ গ্রেফতার করে।

পুলিশ কনস্টেবল ফয়সলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস. এম মাইন উদ্দিন বলেন- দুই মোটরসাইকেল আরোহীকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। আর ফয়সলের লাশ এখনও ওসমানী হাসপাতালে রয়েছে। তাঁর পরিবারকে খবর দেওয়া হয়েছে। তারা আসলে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।